রবিবার, জানুয়ারি ১৩, ২০১৯

ঘাটাইলে গাছের হাসপাতাল উদ্বোধন

আব্দুল লতিফ, ঘাটাইল : মানুষ কিংবা পশু-পাখির রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল প্রয়োজন এটা স্বাভাবিক। কিন্তু গাছের জন্য হাসপাতাল, এটা হয়তো অনেকের অজানা বা হাস্যকর মনে হলেও আসলে সত্যিই গাছের অভিনব হাসপাতাল চালু হলো টাঙ্গাইলের ঘাটাইলে।

এ হাসপাতালে মানুষ কিংবা পশুর চিকিৎসা দেয়া হবে না। শুধু উদ্ভিদ ও ফসলের জন্য চিকিৎসা দেয়া হবে এই হাসপাতাল থেকে।

গাছেরও প্রাণ আছে, শত বছর আগে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু এ কথার প্রমাণ করে গেছেন। তাই গাছেরও যত্ন দরকার। অযত্ন আর বিভিন্ন রোগ বা পোকার আক্রমণে গাছ মরে যেতে পারে, ক্ষতিগ্রস্থ হতে পারে ফসলও। গাছের পাতা শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন রকমের মড়গ দেখা যায় প্রতিনিয়ত। আবার সেসব ফলফলাদি খেয়ে মানুষও আক্রান্ত হতে পারে নানাবিধ রোগে। এইসব অসুস্থ গাছের পরিচর্যায় চালু হলো গাছের হাসপাতাল!

গ্রীণ কেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই হাসপাতাল চালু করেছে।

আজ রবিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় ঘাটাইল শহীদ সালাহ উদ্দীন সেনানিবাস শাহপুর মোড়স্থ স্থানে এই ব্যতিক্রমধর্মী গাছের এই হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গাছের হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাস। উপস্থিত ছিলেন ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হায়দার আলী, গ্রীণ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান গণেশ কর্মকার ও পরিচালক রকিবুল হাসান উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সংগঠনটির উদ্দেশ্য একটি পরিচ্ছন্ন ও মানবিক নগর হিসেবে গড়ে তোলা। তাদের এই কাজ এগিয়ে নিতে প্রথমে ‘ভ্রাম্যমাণ গাছের হাসপাতাল’ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এই হাসপাতালের মাধ্যমে গাছের সেবা ও পরিচর্যার কার্যক্রম মানুষের দোরগোড়ায় বিনা মূল্যে পৌঁছে দেবে এ সংগঠনটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷