টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম।
বুধবার (২৮ নভেম্বর) বিকেলে স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলরুবা আক্তারের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এর আগে গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে মনোনয়নের চিঠি নেন মাইনুল ইসলাম।
এদিকে মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘দেশনেত্রীকে কারাগারে বন্দি করে সরকার গোটা দেশের গণতন্ত্রকেই বন্দি করে রেখেছে। আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ এবার গণতন্ত্র না ফিরিয়ে ঘরে ফিরবে না।’
গতকাল মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পরই বিকেলেই নিজের নির্বাচনী এলাকায় যান তিনি। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলের মনোনয়ন পাওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানান। তিনিও সবাইকে অতীতের মতোই আগামী দিনেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এর আগে গত ১৩ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিল্পপতি মাইনুল ইসলাম। ১৫ নভেম্বর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷