বৃহস্পতিবার, নভেম্বর ১৫, ২০১৮

মানুষের মনের কথাই বলবে আমাদের ঘাটাইল

নতুন মাত্রায়, নতুন যাত্রায় আরেকটি বছর শুরু হলো। প্রিয় পাঠক, চতুর্থ বর্ষে আজ পা রাখছে আপনাদের প্রিয় পত্রিকা আমাদের ঘাটাইল ডট কম। দেখতে দেখতে তিনটি বছর চলে গেল। ৩ বছর একটি পত্রিকার জন্য অনেক বেশি সময় নয়। আবার কমও নয়। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, তিন বছরে টাঙ্গাইলের সংবাদপত্রের ইতিহাসে আমাদের ঘাটাইল নতুন মাইলফলক সৃষ্টি করেছে। ইতিহাস সৃষ্টির শুভক্ষণে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে নতুন চ্যালেঞ্জ নিয়েই হাজারো মানুষের অনলাইনটির আরও বড় পরিসরের পথচলার দিন।

আমাদের প্রিয় তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে সমাজের দুষ্ট চক্র। প্রাতিষ্ঠানিক দুর্নীতি গ্রাস করছে চারপাশ। মানুষের মানবিক মূল্যবোধের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। অনিয়মই এখন নিয়ম। অস্বাভাবিকতাকে আমরা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিচ্ছি। এখন ভালোকে ভালো বলা যায় না। নষ্টামি, ভণ্ডামি অনেক বেশি প্রাধান্য পায়। মানুষ প্রভাবশালীদের কাছে জিম্মি। তারপরও কারও কিছু বলার নেই। প্রতিবাদ করা এখন অস্বাভাবিকতা। সামাজিক ও নৈতিক মূল্যবোধের বালাই নেই। জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলো পঙ্গু হয়ে গেছে। অন্যায়কে এখন আর কেউ অন্যায় মনে করে না। সব কিছুই সবাই সয়ে নিচ্ছেন। প্রযুক্তি মানুষের আবেগ কেড়ে নিচ্ছে। বৈষম্য বাড়ছে মানুষে মানুষে। এই পরিবেশে একটি মিডিয়াকে সামনে এগিয়ে নেওয়া কঠিন হলেও আমরা সচেষ্ট থাকব কাঠিন্যকে মোকাবিলার জন্য। সমাজের সব অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় থাকবে বলিষ্ঠ। আমাদের ঘাটাইল গণমানুষের কথা বলবে, ঘাটাইল উপজেলাবাসীর কথা বলবে। বঞ্চিত মানুষের পাশে থাকবে।

মিডিয়া কখনই কাউকে খুশি করতে পারে না। রবীন্দ্রনাথ কঠিনকে ভালোবেসে ছিলেন। আর লেখনীর জগতে সবচেয়ে প্রতিবাদী মানুষটির নাম নজরুল। কেউ কেউ নজরুলকে এখনো অতি মুসলিম বানানোর চেষ্টা করেন। বাস্তবে কবি নজরুলের চেয়ে বড় অসাম্প্রদায়িক চেতনার মানুষ আর নেই। নজরুল লিখেছেন— ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান/মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ।’ এই লেখার পর রক্ষণশীল মুসলিম পত্রিকা নজরুলকে বললেন, ‘কাফের’। আর গোঁড়া হিন্দুরা তাকে বর্জনের ডাক দেন। সত্য শুনতে কারোরই ভালো লাগে না। এই কারণে নজরুল সম্পাদিত পত্রিকা ধূমকেতু নিষিদ্ধ করেছিল শাসকরা। এখানেই শেষ নয়, তাকে কারারুদ্ধ করে। কিন্তু কারাগারেও নজরুলের কলম থামেনি। তিনি লিখলেন— শিকল পরা গান, সৃষ্টি সুখের উল্লাসের মতো কবিতা। নজরুলকে দিয়েই বোঝা যায় কাজ করতে চাইলে যে কোনো পরিবেশেই করা যায়। আক্ষেপ নেই আমাদের ঘাটাইল ডটকমের। একটা আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। পাঠকের ভালোবাসায় আজ আমরা আকাশ ছুঁয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের বলিষ্ঠ অবস্থানের কারণেই। অন্যায়কে আমরা অন্যায় বলতে পারি।

প্রিয় পাঠক, আপনারা জানেন, মিডিয়া চালানো এখন এক কঠিন সংগ্রাম। আমাদের এই প্রয়াস কতটা সফল তার মূল্যায়ন আপনাদের। তবে শেষ চেষ্টাটুকু আমরা করছি। প্রতিনিয়ত মামলা ভয়, ভীতি আছে। কথায় কথায় প্রভাবশালীদের রক্তচক্ষু। মামলা আর গ্রেফতারি পরোয়ানা। তাদের ভাবখানা প্রভাবশালী এমপি অনিয়ম করবেন, কিন্তু তা লেখা যাবে না। লিখলেই মামলা হবে। শুধু এমপি নন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও এখন লেখা কঠিন। কারণ তারাও মামলা করে! অনেক সময় আদালত এসব মামলায় সমনও জারি করে। আবার কখনো ওয়ারেন্টও ইস্যু হয়। হয়রানির এই অবস্থাকে জয় করে সামনে এগিয়ে চলার নামই চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি এই চ্যালেঞ্জ জয় করতে। সব কিছু সম্ভব হবে শুধু পাঠকদের ভালোবাসা অব্যাহত থাকলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷