সোমবার, অক্টোবর ০১, ২০১৮

জেলা আ’লীগের সহ-সভাপতি তুহিনকে বহিষ্কারের দাবি


ঘাটাইল উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নামে চাঁদাবাজির মামলা করায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিনকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ এ দাবি জানায়।

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন নিজে বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করেন, ওইদিন সন্ধ্যার পর ঘাটাইল থানা মোড় এলাকায় জিবিজি কলেজছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও আবু সাঈদ রুবেলসহ কয়েকজন তার গাড়িবহরে হামলা করে। এ সময় তাকে হত্যার হুমকিসহ নগদ পাঁচ লাখ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওই রাতেই পুলিশ আবু সাঈদ, যুবলীগ কর্মী টিটু সরকার এবং ছাত্রলীগ কর্মী আল-আমিন ও রিয়াদকে গ্রেফতার করে।

এদিকে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ওই মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু জানান, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এবং সব ইউনিয়ন আওয়ামী লীগ ও দলীয় মনোনয়নে নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা তাকে (শহিদুল) আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এ কারণে সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নামে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন কিছুদিন আগে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তিনি বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত পরিবারের সন্তান।

সংবাদ সম্মেলনে আবু ইউসুফ আবদুল্লাহ তুহিনকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজিয়া হোসেন, সদস্য শাহানশাহ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম মিয়া, আনুহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন, সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলমসহ ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আবু ইউসুফ আবদুল্লাহ তুহিন বলেন, আমি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। কাজেই উপজেলা আওয়ামী লীগ আমাকে বহিষ্কারের দাবির কোনো এখতিয়ার নেই। তিনি বলেন, আমি কোনো মিথ্যা অভিযোগে মামলা করিনি। আমাকে হত্যার হুমকি দিয়ে টাকা ছিনতাই করায় মামলা করেছি। কোনো চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দিতে পারি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷