মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

ঘাটাইলে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

‘নিরাপদ সড়ক চাই’- এর দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল, সমাবেশ করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১২টার দিকে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ঘাটাইল জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি ঘাটাইল পৌরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত শিকদার, জি.বি.জি. কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ। সে সময় জি.বি.জি. কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

উল্লেখ্য: গতকাল সোমবার নতুন সড়ক পরিবহনের আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায়। এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। বর্তমানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।