রবিবার, ডিসেম্বর ১৮, ২০১৬

ঘাটাইলে পাঁচ স্কুলছাত্রের তৈরি ড্রোন আকাশে


ওরা পাঁচ বন্ধু। মনিরুজ্জামান তালুকদার হূদয়, সজীব, সুমন রেজা, তৌকির ও ওমর ফারুক। পাঁচজনই টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বয়সের বিবেচনায় তারা খুব বেশি বড় নয়। কিন্তু ওদের স্বপ্নটা অনেক বড়। দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা চালিয়ে আসছিল একটি ড্রোন বানানোর। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে। গত শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে এই ক্ষুদে পাঁচ বিজ্ঞানী তাদের তৈরি একটি ছোট ড্রোন নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠের আকাশে উড়িয়েছে।

ড্রোন তৈরি করা ক্ষুদে বিজ্ঞানীদের দলনেতা মনিরুজ্জামান হূদয় জানায়, গত নভেম্বর মাসে তারা ড্রোনটির নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ শেষ হয় ৫ ডিসেম্বর। এখনও চলছে সেটির উন্নয়ন কাজ। ড্রোনটির সঙ্গে ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সাঁতার না জানা কোনো ব্যক্তি যদি নদীর মধ্যে পড়ে যায় তাহলে তাকে বাঁচানোর জন্য ড্রোনটির মাধ্যমে এক কিলোমিটার দূর থেকেও লাইফ সাপোর্ট জ্যাকেট পাঠানো যাবে। 
হূদয় আরও জানায়, ৯৫০ গ্রাম ওজনের ড্রোনটি তৈরি করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এটি প্রায় ১ কেজি ২০০ গ্রাম ওজনের মালামাল বহন করতে পারে। প্রাথমিকভাবে দেড় কিলোমিটার এলাকায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা এটিকে আরও বেশি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও জনকল্যাণময় করার চেষ্টা অব্যাহত রেখেছে। যদি সরকার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করা হয় তাহলে আরও উন্নতমানের ড্রোন তৈরি করা সম্ভব বলেও জানায় হূদয়।
ক্ষুদে বিজ্ঞানী সুমন রেজা জানায়, শ্রেণি শিক্ষিকা কামরুন্নাহার ড্রোনটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে উত্সাহ প্রদান ও সব দিক দিয়ে সহযোগিতা করছেন। এর আগে তারা এয়ার প্লেন, কলিং কারসহ আরও কয়েকটি ইলেকট্রিক যন্ত্র তৈরি করেছে।

ক্ষুদে বিজ্ঞানীদের ড্রোন তৈরি সম্পর্কে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সাহাবউদ্দিন আহাম্মেদ বলেন, ছাত্রছাত্রীদের যেকোনো ধরনের বিজ্ঞানমনস্ক গবেষণাকে আমরা উত্সাহিত করি। আমাদের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটি বিজয় দিবসের দিনে আকাশে ওড়ানোর জন্য আমরা বিশেষ ব্যবস্থা করি। ক্ষুদে বিজ্ঞানীদের এ আবিষ্কার আমাদের জন্য গর্বের। আশা করি ভবিষ্যতে তারা আরও উন্নত প্রযুক্তির ড্রোন আবিষ্কার করবে।   - 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷