রবিবার, অক্টোবর ১৬, ২০১৬

এবারও জামিন পেলেন না এমপি রানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার তৃতীয় দফায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর প্রথম ও ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় এমপি আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। ২০১৪ সালের আগস্টে এই মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জড়িতদের নাম প্রকাশ করে।
এরপর থেকে এমপি ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় টাঙ্গাইলের ডিবি পুলিশ। গত ২০ মে এমপি ও তার ভাইদের অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷