আঃ রশিদ তালুকদার, ঘাটাইল(টাঙ্গাইল), ২৯ জানুয়ারী, আমাদের ঘাটাইলঃ
মাদক ধ্বংস করছে যুব সমাজ। মাদকের ছোবলে এলাকার উঠতি বয়সের তরুণরা জাড়িয়ে পড়ছে অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন অপরাধে। টাঙ্গাইলে জীবন ধ্বংসকারী এ মাদক ব্যবসার প্রধান হোতা মিনহাজ উদ্দিন ওরফে মিনহাজ ট্রানজিট। মিনহাজ জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে বাস করছেন। কিন্তু সেখানে বসেই পুরো জেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৮) মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল ও ভূঞাপুর থানায় ৮টি মামলা রয়েছে। কিন্তু তিনি আদালত থেকে জামিন নিয়ে প্রশাসনকে মাসোহারা দিয়েই তার অবৈধ হেরোইন ও ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি আন্তঃজেলা মাদক ব্যবসার ‘ট্রানজিট’ খেতাব অর্জন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মিনহাজ মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। মাদক সেবীর সংখ্যা দিন দিন বাড়ছে এলাকায়। সেই সাথে বাড়ছে চুরি, ছিনতাই ও যৌন নির্যাতনসহ অনেক অপরাধের ঘটনা। অভিযোগ রয়েছে, গত ৪ বছরের মধ্যে মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিন তালুকদারসহ কয়েক জনের ২৮টি গরু চুরি ও ৪টি দোকান চুরিসহ এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। এর সাথে ট্রানজিট মিনহাজ ও তার সহযোগিরা জড়িত।
এলাকার গণ্যমান্যরা মিনহাজকে মাদক ব্যবসায় বাধা দিলে উল্টো তাদের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ১০৭ ধারার পৃথক ৩টি মিথ্যা মামলা দায়ের করেছেন মিনহাজ। সূত্র বলছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ কয়েকটি জেলায় মিনহাজের মাদক ব্যবসার ট্রানজিট খেতাব ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে মিনহাজসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাঙ্গাইল পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন মহলে এলাকাবাসী বার বার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি মাদক ট্রানজিট চক্রের বিরুদ্ধে।
সূত্র মতে, মিনহাজের ব্যবসায়ী সহযোগীরা হচ্ছেন- একই গ্রামের নুরু ভূইয়ার ছেলে স্বপন ভূইয়া (৩৪), নস্কর ভূইয়ার ছেলে মো. বাবু ভূইয়া (২৮), মিনহাজের ছোট ভাই মো. সুবাশ তালুকদার (৩৪)সহ আরও অনেকে।
এলাকাবাসীর দাবি, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে অবিলম্বে এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত মিনহাজ উদ্দিন তালুকদারকে ২ বার ৬মাস করে কারাদণ্ড দেন। একই অপরাধে তার ছোট ভাই মো. সুবাশ তালুকদারকে ৬ মাস সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু তারা আপিল করে জামিনে এসে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মাদক ব্যবসায়ী ট্রানজিট প্রধান মিনহাজ উদ্দিন বলেন, ‘আপনার কোন কথা থাকলে বলুন, আমি প্রশাসনকে টাকা দিয়ে থাকি। আপনিও নিবেন? সংবাদ প্রকাশের দরকার নেই।’
ঘাটাইল পুলিশ সূত্রে জানা গেছে, মিনহাজের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টায় রয়েছি।
প্রকাশঃ ২৯ জানুয়ারী ২০১৬, ০৬:২৩:০০ অপরাহ্ন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷