সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

ঘাটাইলে ড্রাগন ফল চাষে সাফল্য


খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল: ঔষধি গুণে ভরপুর বিদেশি এক ফলের নাম ড্রাগন ফল। ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিসসহ নানা রোগের মহাঔষধ হিসেবি ব্যবহার হয় এটি। এ ফল দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু। ঔষধিগুণে গুণান্বিত, রসালো এবং মুখরোচক এই ড্রাগন ফল বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মিনহাজ মিয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের মিনহাজ মিয়া নিজ উদ্যোগে তৈরি করেছেন ভিয়েতনামের ড্রাগন ফলের বাগান। দীর্ঘদিনের ইচ্ছা শক্তি থেকেই তিনি প্রায় তিন বছর আগে ৩০০ শতাংশ জমির উপর এই ফলের বাগান তৈরি করেন।

তার বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি ড্রাগন ফলের গাছে শোভা পাচ্ছে বিদেশি এই ফল। ফলটি পাকার পর অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়। ক্যান্সার ও ডায়বেটিস সহ বিভিন্ন রোগের জন্য অত্যন্ত উপকারী এই ফল। মিনহাজ মিয়ার তিন একর বাগানে তেরোশ ৪০ টি ড্রাগন ফলের গাছ রয়েছে। প্রায় সব গাছেই ফল এসেছে। গত বছর তিনি প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি করেছেন ৩ থেকে ৪ শত টাকা। চলতি বছরে তিনি সাড়ে তিন হাজার কেজি ড্রাগন ফল বিক্রি করেছেন। যার থেকে দাম পেয়েছেন প্রায় ১২ লাখ টাকা। তিনি আশা করেন আগামী বছর তার বাগার থেকে প্রায় ১০ হাজার কেজি ড্রাগন ফল বিক্রি করবেন। এভাবে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত ফল আসতে থাকবে বলে তিনি জানান।

মিনহাজ মিয়া আরো বলেন, ‘এটি অত্যন্ত লাভজনক একটি ভেষজ ফল। আমি অন্যান্য কৃষি কাজের পাশাপাশা এই ফল বাগানের পরিচর্যা করে থাকি। এই ফল এখন অত্যন্ত লাভজনক ফসলে পরিণত হয়েছে। আমার এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন আসে ড্রাগন ফলের বাগান দেখতে।’

ড্রাগন ফলের গাছ মূলত কাণ্ড থেকে হয়। এই ফল চাষ করার জন্য অতিরিক্ত কোনও রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হয় না। শুধু মাত্র জৈব সারই যথেষ্ট। গাছ লাগানোর প্রায় ছয় মাস পর থেকে ফল আসতে শুরু করে এবং ফলের বয়স ৩০-৩৫ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়।

বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এ ফল বেশ জনপ্রিয় খাবার হিসেবে স্থান করে নিয়েছে। তাছাড়া বাংলাদেশের স্বপ্ন, ডেইলি নিডস, আগোরাসহ অনেক বড় বড় শপিংমল বাগান থেকেই পাইকারী দরে এই ফল কিনে নেন।

ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বিশ্বাস বলেন, ‘উপজেলার একজন আদর্শ কৃষক মিনহাজ মিয়া। তিনিই প্রথম বাণিজ্যিকভাবে ঘাটাইলে ড্রাগন ফলের চাষ শুরু করেন। তাছাড়া পাহাড়ি এলাকার মাটি ড্রাগল ফল চাষের জন্য যথেষ্ট উপযোগী। আমরা সবসময় মিনহাজ মিয়াকে বিজ্ঞানসম্মত ভাবে পরামর্শ দিয়ে সহযোগীতা করে আসছি।’

লোকেরপাড়া ইউপি চেয়ারম্যানকে সালাম না দেয়ায় বাদিকে মারধর


রবিউল আলম বাদল, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের নলছোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে মামলা করায় এবং ইউপি চেয়ারম্যানকে সালাম না দেয়ার অজুহাতে বাদী খলিলুর রহমানকে পিটিয়ে আহত করেছেন বিবাদীর ছেলে লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন। গত ১৬ সেপ্টেম্বর দুপুরে নলছোপা গ্রামের তিনরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে।

মামলার বিবরণ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন এর মা তাহমিনা আক্তার নলছোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যাবহার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তিনি কতৃপক্ষের অনুমতি ও টেন্ডার ছাড়াই স্কুল পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে ভবন মেরামতের কাজ করেন। এমনকি ছেলে চেয়ারম্যান হওয়ার সুবাদে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজু আহমেদ, সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার ও আনোয়ারা খাতুনকে সাথে নিয়ে চলতি বছরের ১৯ শে এপ্রিল ভবনের ৮০ফিট লম্বা ৩৬ ফিট প্রশস্ত ও ৬০ফিট বারান্দা সহ চৌচালা টিনশেট ভবনের সকল পুরাতন টিন, ঘরের দরজা-জানালা টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করে দেন। পরে স্কুলের ঘর বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে সকল টাকা আত্মসাৎ করেন।

এইসব অনিয়মের বিরুদ্ধে নলছোপা গ্রামের বাসিন্দা ও স্লিপ কমিটির সভাপতি খলিলুর রহমান বাদী হয়ে গত ২২ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। চারমাসেও সেই অভিযোগের প্রতিকার না হওয়ায় খলিলুর রহমান গত ২৯ আগষ্ট টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ঘাটাইল থানা আমলী আদালতে দুইজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এর জের ধরে ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন ও সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ১৬ সেপ্টেম্বর মামলার বাদী খলিলুর রহমানকে একা পেয়ে মারধর করে গুরুতর আহত করে।

দুর্নীতির বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাকে না জানিয়ে ইউপি সদস্য রাজু আহমেদ ঘরের সকল টিন ও দরজা জানালা গোপনে বিক্র করে দিয়েছে। আমি এর বিচার চাই।

বাদী খলিলুর রহমানকে মারধরের বিষয়ে ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন জানান, তাকে সালাম না দেওয়ায় দুচারটি চরথাপ্পর দেওয়া হয়েছে।

টেন্ডার ছাড়া স্কুলের টিন বিক্রির অভিযোগ দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সঠিক তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন এখনও পাইনি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, সেপ্টেম্বর ২২, ২০১৮

ঘাটাইলে‘মা সমাবেশ’ অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি এবং বিদ্যালয়ে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ছনখোলায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত (নারী) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি, সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম মিয়া। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, আওয়ামী লীগ নেতা তানভীর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিউটি বেগম, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি, কাম রুন নাহার, টাঙ্গাইল শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রুনু, সংগ্রাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল প্রমুখ।



সমাবেশে বক্তারা ঘাটাইলের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি রেখে তৃণমূলে শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন সফল কর্মসূচী বাস্তবায়ন এবং নানা উন্নয়ন কর্মকাণ্ডর কথা তুলে ধরেন।

সে সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছনখোলায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। এটি জাতীয়করণ হলে শিক্ষার আরও বিস্তার ঘটবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।

ঘাটাইলে টিন অনুদান দিলেন আ’লীগ সাবেক এমপি পুত্র তানভীর


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মরহুম মতিউর রহমানের ছেলে ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ সংযোগ করছেন।

২২ সেপ্টেম্বর শনিবার সকালে গণসংযোগকালে তিনি সাগরদিঘী কলেজে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সময় কলেজে ৫ বান টিন অনুদান দেন।

এসময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, কর্মসৃজন কর্মসূচীসহ সরকারের বিভিন্ন মানবিক উন্নয়নও তিনি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন সাগরদিঘী কলেজের প্রিন্সিপাল নাছির উদ্দিন, দাতা সদস্য চান মিয়া, সাগরদিঘী ইউনিয়ন আ’লীগের নেতা আরমান সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাবেক এমপি মরহুম মতিউর রহমানের ছেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর রহমান গণসংযোগ করে যাচ্ছেন। নম্র ভদ্র সদা বিনয়ী ক্লিন ইমেজের অধিকারী তানভীর রহমান সকল স্তরের জনসাধারণের কাছে একটি প্রিয় মুখ। এলাকার মানুষের বিভিন্ন বিপদ আপদে তিনি নিজেকে বিলিয়ে দেন। এ কারণে তিনি সকল স্তরের মানুষের কাছে নিবেদিত প্রাণ। এছাড়া আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ সকল অঙ্গ-সংগঠনের কাছে রয়েছে তার বিপুল গ্রহণযোগ্যতা। আ’লীগ তাকে মনোনয়ন দিলে জনগণের ভালবাসা নিষ্ঠা ও দৃঢ়তার কারণে জনগণের ভোটে নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন বলে এলাকাবাসী মনে করেন।

আবারও বাঁশের কেল্লা ফেসবুক পেজ বন্ধ


সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত শক্তিশালি ফেসবুক পেজ বাঁশের কেল্লা (https://www.facebook.com/newbasherkella/) আবারও বন্ধ হয়ে গেছে।



ফেসবুকের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৬ মিনিটে ফেসবুক পেজটি ডাউন করে দেয়া হয়েছে।

জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্র ও ধর্ম নিয়ে আপত্তিকর প্রচারণা চালানোর অভিযোগে এর আগে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি পেজটি বন্ধ করে দেয় বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম বা বিডি সিএসআইআরটি।

একই অভিযোগে ১২টি ব্লগ ও ফেসবুক পেজ বন্ধ করে দেয়া হয়।

সরকারের বিরুদ্ধে সোচ্চার বাঁশের কেল্লা পেজের মাধ্যমে সরকারি বিরোধী এবং উস্কানিমূলক পোস্ট দেয়া হতো বলে অভিযোগ রয়েছে। সরকার এই নিয়ে বিব্রতবোধ করলেও কিছু করার ছিল না।

কারণ বাঁশের কেল্লা ফেসবুক পেজটি দেশের বাইরে থেকে পরিচালনা করা হতো। ফলে বিভিন্ন সময় পেজটির বিরুদ্ধে রিপোর্ট করেও কোনো ফলাফল পাওয়া যায়নি।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, বাঁশের কেল্লায় পোস্টগুলো পাতাটির টুইটার অ্যাকাউন্টেও পোস্ট করা হয়।

তিনি বলেন, প্রতিটি ছবির সঙ্গে তারা হ্যাশট্যাগ ব্যবহার করে বিবিসি, সিএনএন, আলজাজিরা লাইভ, আলজাজিরা স্ট্রীম ও ইউএনকে যোগ করে নিচ্ছে। এভাবেই বাংলাদেশের বিরুদ্ধে পরাজিত বাপেদের অবশিষ্ট লড়াইটা করে যাচ্ছে ওরা।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেসব ফেসবুক পেজ বন্ধ করা যায় বলে গোয়েন্দারা তালিকা তৈরি করেছেন তার মধ্যে রয়েছে দ্বিতীয় আলো, বিদ্রোহী আলো, বখতিয়ারের ঘোড়া, ফরায়েজী আন্দোলন, ব্রেকিং আঠারো দলীয় জোট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভিশন ২০২১, ফ্রিডম অব স্পিস, বাংলাদেশ জামায়াত ই ইসলামী, বিডি ন্যাশনালিস্ট, ১৮ দলীয় জোট, শো নিউজ কম, লন্ডন বাংলা নিউজ, তরুণ প্রজন্ম উল্লেখযোগ্য।

এই পেজগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক বিশৃংখলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বলছে, দেশের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আমরা সুপারিশ করেছি, কোন ধরনের রাজনৈতিক বিবেচনায় নয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১২ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপনস টিম (বিডি সিএসআইআরটি) গঠন করে। কার্যত এই প্রতিষ্ঠানটি এখন অচল হয়ে পড়েছে।

তবে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে সাইবার নিরাপত্তায় ২৪ ঘণ্টার একটি হেল্পলাইন চালু করা হয়েছে। ০১৭৬৬৬৭৮৬৮৮ নম্বরে ফোন করে যে কেউ অনলাইনে হয়রানির অভিযোগ করতে পারবেন।

শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১৮

ওসিদের সাথে বাটপারি, আটক ঘাটাইলের মেহেদী


মিষ্টি নারী কণ্ঠে এসপি ভাবী পরিচয় দিয়ে বিভিন্ন থানার ওসিদের কাছ থেকে মোবাইলে টাকা দাবিকারী মেহেদী হাসান (২৬) নামের এক প্রতারক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। টাঙ্গাইলের ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা শেরপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মেহেদী হাসান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার দুপুরের দিকে ভূঞাপুর থানার ওসি আব্দুছ ছালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি আব্দুছ ছালাম মিয়া বলেন, প্রতারক মেহেদী হাসান মেয়েলি কণ্ঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার এসপি ভাবী পরিচয় দিয়ে ওসিদের কাছে মোবাইলে টাকা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শেরপুর এসপি ভাবীর পরিচয় দিয়ে থানাগুলোতে টাকা দাবি করে মেহেদী হাসান। পরে বিষয়টি ওসিদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। আর এ প্রতারককে আটক করতে মাঠে নামে শেরপুর ডিবি পুলিশ।

অবশেষে বুধবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ভূঞাপুর থানা পুলিশের সহায়তায় ভূঞাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে শেরপুর ডিবি পুলিশ আটক করে। পরে তারা ওই দিনই শেরপুরে নিয়ে যায়।

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

ঘাটাইল মুকুল একাডেমী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন


ঘাটাইল উপজেলা সদরের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান মুকুল একাডেমী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্প্রতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ ভবনটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ ক্যাম্পাসে অবস্থিত বিদ্যালয় ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ ও ঘাটাইলের সহকারি কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, সরকারি জিবিজি কলেজের অ্যধক্ষ শামসুল আলম মনি, আওয়ামীলীগ নেতা তানভীর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, অধ্যাপাক মতিয়ুর রহমান, মুক্তিযোদ্দা হুমায়ুন খান,জামুরিয়া ইউপি চেয়ারম্যান শামীম খান , বিশিষ্ট ঠিকাদার কাজী জাহান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাকলী বেগম, সাংবাদিক নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, সমাজকর্মী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১৮

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু


আব্দুল লতিফ,ঘাটাইল(টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওলাবাড়ি ঝুনকাইন উত্তরপাড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত আব্দুর রশিদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ মঙ্গলবার বিকেলে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার বিকেলে ঝুনকাইন উত্তরপাড়ার একটি পুকুর পাড়ে তার মরদেহ পাওয়া যায়। সামনেই পল্লী বিদ্যুতের তার থাকায় তাদের ধারণা বিদ্যুতের তারে জরিয়ে মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বলেন, নিহতের লাশটি বিকেলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘাটাইলে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার -১

টাঙ্গাইলের ঘাটাইল থেকে কেজি গাঁজা সহ মো. শিপন তালুকদার নামকএক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।
১৯ সেপ্টেম্বর সকালে ঘাটাইলের নজুমবাগ থেকে তাকে গেস্খফতার করা হয়। গেফতারকৃত শিপন ঐ এলাকার মৃত তায়েব আলী তালুকদারের ছেলে।

র‌্যাবের উপ পরিচালক মো. রবিউল ইসলাম জানান, ঘোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ তালুকদার এর বাড়ীতে দক্ষিন দুয়ারী চৌচালা আধাপাকা টিনের ঘরের সামনে উঠানে অভিযান পরিচালনা কওে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইলও উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঘাটাইল থানা এলাকাসহ টাঙ্গাইল জেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী গাঁজা সরবরাহ করার কথা স্বীকার করে

ঘাটাইলে হেলাল হত্যার লৌহমর্ষক কাহিনি, হত্যাকারী আটক


মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার খিলপাড়া সেতুর নিচ থেকে এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে পৌরর উত্তর পাড়া এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা মালেক ম্যানেজারের ছেলে মোঃ শাহেদ (২৫) এবং মহুর উদ্দিনের ছেলে রিকশা চালক মিন্টু (২৪) কে আটক করেছে পুলিশ।

নিহত হেলাল (৩০) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের গাজি শেখের ছেলে। তিনি ঘাটাইল পৌরসভার চান্দশি গ্রামের আব্দুল বাছেদ মিয়ার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যার কথার স্বীকার করেছে শাহেদ। নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতেই শাহেদ ও মিন্টুকে আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাকছুদুল আলম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘাটাইল পৌরর উত্তরপাড়া এলাকায় মালেক ম্যানেজারের ছেলে শাহেদ (২৫) এর পরকীয়া প্রেমিকা জরিনা আক্তার (শাহেদের বাসার গৃহকর্মী) এর সাথে ভাঙ্গারি ব্যাবসায়ী হেলালের সাথে অবৈধ সস্পর্ক থাকার কারনে হেলাল ও শাহেদের মাঝে কথা কাটাকটি হয়। একপর্যায়ে শাহেদ ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে হেলালকে আঘাত করে এবং উপর্যপুরী লোহার রড দিয়ে তার পেট ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। পরে সন্ধার সময় লাশ দুই খন্ড করে ড্রামের ভিতরে ভরে রিকশা চালক মিন্টুর রিকশায় পৌর এলাকার খিলপাড়া সেতুর কাছে ফেলে দেওয়ার সময় ইউপি সদস্য মোঃ সুমন দেখে ফেলে। সাথে সাথে সুমন পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে এবং শাহেদের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও লোহার রডসহ হত্যাকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও জানা যায়, শাহেদ এবং হেলাল দুজনেই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মাকছুদুল আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  হত্যার কথার স্বীকার করেছে শাহেদ। নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে শাহেদ ও মিন্টুকে আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।