শুক্রবার, আগস্ট ২৪, ২০১৮

মন্দিরে ঈদ জামাত, মসজিদে হিন্দু পরিবার!

ভারতের কেরালায় বন্যায় মসজিদ ডুবে যাওয়ায় গত বুধবার (২২ আগস্ট ২০১৮) মন্দিরে মুসলমানদের ঈদের নামাজ পড়ার সুযোগ করে দেয় হিন্দু ধর্মাবলম্বীরা। এবার সেই কেরালায় মসজিদে ১৭ হিন্দু পরিবারকে আশ্রয় দিয়েছে মুসলমানরা। ওইসব হিন্দু পরিবারের বাড়িঘর পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে এনে দাঁড় করিয়েছে।

এদিকে, বন্যা পরিস্থিতি উন্নতি ঘটায় আক্রান্ত এলাকার মানুষ নিজ নিজ গ্রামের ফিরে যাচ্ছেন। সেই সঙ্গে প্রকাশ পাচ্ছে বেশ কিছু অনন্য সাধারণ মানবিক গল্পের। প্রাকৃতিক দুর্যোগে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের সেসব উদাহরণ সাধারণ মানুষদের আপ্লুত করছে।



কেরালার দক্ষিণ মালাপুরামে আরো একটি ঘটনা প্রকাশ পেল। টাইমস অব ইন্ডিয়া খবরে বলা হয়, সেখানের জুমা মসজিদে আশ্রয় পেয়েছিল বন্যা দুর্গত ১৭টি হিন্দু পরিবার। শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষসহ গৃহহীন পরিবারগুলো মসজিদে রাত্রিযাপন করেছেন, আহার সেরেছেন। এমনকি বাড়ি ফেরার সময় তাদেরকে দেওয়া হয়েছে গৃহস্থলি কাজের জরুরি কিছু মালামাল।

আশ্রয় দেওয়া চালাইয়ার গ্রামের পঞ্চায়েত ওসমান বলেন, ‌‌মসজিদে অবস্থান করা মোট ৭৮ জনের অধিকাংশই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। পরবর্তীতে তাদের সাহায্যের জন্য সেখানে রিলিফ ক্যাম্পও খোলা হয়। হিন্দু-মুসলিম বিভেদ ভুলে পারস্পরিক এমন একাত্মতার গল্প নিশ্চয়ই ভারতবাসী অনেকদিন মনে রাখবেন।

ভারতের কেরালা রাজ্যে গত একশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় পাঁচশ’র বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গৃহহীন হয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ।

এদিকে, কেরালার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ মসজিদ। এ কারণে ঈদুল আজহায় ঈদের নামাজ আদায় করতে পারেননি কেরালার অধিকাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ। তবে ওই দিনই সৌহার্দ্য ও সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন থৃসুর জেলার সনাতন ধর্মাবলম্বীরা। মালায় জেলার পুরাপ্পিল্লিকাভু রক্তেশ্বরী মন্দিরের দরজার তারা খুলে দিয়েছিলো মুসলিমদের জন্য।



মসজিদ মহল্লা কমিটির প্রধান খালিদ বলেন, মসজিদে পানি না নেমে যাওয়ায় আমরা মন্দির কমিটির সাথে কথা বলি। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় ও আমাদের মন্দিরে নামাজ আদায় করতে বলে।

স্থানীয়রা জানান, ঈদের দিন সকালেও বন্যাকবলিত ওই অঞ্চলের অধিকাংশ মসজিদই জলাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু মন্দির কর্তৃপক্ষের কারণে নামাজ পড়ার সুযোগ হয়েছে তাদের। এ বিষয়ে স্থানীয় মসজিদ মহল্লা কমিটির পি.এ খালিদ বলেন,’ আমরা আশা করেছিলাম পানি নেমে যাবে। বুধবার মসজিদেই আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো। কিন্তু বুঝতে পারলাম এটা কোন ভাবেই পানি নামবে না। তখন সবার মনেই কষ্ট নেমে আসলো এবার হয়তো ঈদের নামাজ আদায় করা হবে না। এরপরে আমরা মন্দির কমিটির একজনের সঙ্গে কথা বললাম। তিনি সঙ্গে সঙ্গে মন্দিরে নামাজ আদায়ের জন্যে আমন্ত্রণ জানালেন।’

অপরদিকে, ঈদের খরচ কমিয়ে ভারতের মুসলিমরা কেরালার মানুষদের অর্থ সহায়তাও প্রদান করেছেন বলেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ঘাটাইলে বজ্রপাতে একজন নিহত

বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নে কাশতলা গ্রামে মোঃ আজাহের আলী (৩৬) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।

তিনি কাশতলা গ্রামের ওমেদ আলীর ছেলে।

দিগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বৃহস্পতিবার বিকালে ওমেদ আলীর ছেলে আজাহের (৩৬) বিলে মাছ ধরতে সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘাটাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহতর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে হোসেন সরকার নামে এক দোকান ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে  জয়নাল, জাহাঙ্গীর ও তার লোকেরা। এ ঘটনার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হামিদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার হামিদপুর বাজার এলাকায় হামিদপুরের আবুল হোসেন এর ছেলে জয়নাল (৩৮) ও জাহাঙ্গীর (৩৫) এর নেতৃত্বে ৪/৫ জনের একটি গ্রুপ হোসেন সরকারের দোকানে ঢুকে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ৩ লাখ টাকা নিয়ে চলে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় হোসেন সরকারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

আহত হোসেন সরকার(৫০) উপজেলার সালেংকা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।



এ ঘটনার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে হামিদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে করে ব্যবসায়ী ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম খান ,শাজাহান মিয়া, মিনিবাস মালিক সমিতি হামিদপুর শাখার সভাপতি মো. সজল মিয়া,আওয়ামী লীগ নেতা সাহেদ মিয়া, ভোলা খান, জামাল হোসেন, মিলন সরকার, রাসেল মিয়া, শফি মাষ্টার, খরসু মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাজারো গ্রামবাসী।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

বৃহস্পতিবার, আগস্ট ২৩, ২০১৮

মুসলিম অনেক দেশ থেকে ইসরায়েলই ভালো : সৌদি মন্ত্রী

ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রশংসা করেছেন সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আল শেখ। বৃহস্পতিবার তিনি ইসরায়েলের প্রশংসা করে বলেছেন, হজ পালনের উদ্দেশে সৌদি যেতে হাজিদের বাধা দেয়নি ইসরায়েল। অথচ কিছু মুসলিম দেশ ঠিকই হজ পালনের উদ্দেশে সৌদি আসতে তাদের নাগরিকদের ওপর বিধিনিষেধ জারি করেছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি মন্ত্রীর এ মন্তব্য আবারও প্রমাণ করল-সৌদি আগ্রাসী এ ইহুদি রাষ্ট্রটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, ‘আমরা ইসরায়েল রাষ্ট্রটির মাধ্যমে জানতে পেরেছি তারা হজ উপলক্ষে হাজিদের সৌদি আসতে কোনো বাধা-নিষেধ আরোপ করেনি। অথচ আমরা বেশ কয়েকটি মুসলিম দেশ সম্পর্কে জানতে পেরেছি বা আমাদের জানানো হয়েছে, তারা তাদের নাগরিকদের হজ মৌসুমে সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।’

তবে সৌদি মন্ত্রী এ মন্তব্য করলেও আসলে কোন কোন দেশ হজের বিষয়ে তাদের নাগরিকদের বাধা দিয়েছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ কাতারের উদ্দেশে তিনি এ মন্তব্য করেছেন। এদিকে কাতার পাল্টা অভিযোগ করে বলেছে, সৌদিই তার দেশের নাগরিকদের হজে যেতে বাধা দিয়েছে।

গত বছরের ৫ জুন সৌদির পথ ধরে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের চার দেশ। সন্ত্রাসী সংগঠনকে সহায়তা এবং ইরানকে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের দেশগুলো। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে দোহা।

সৌদি মন্ত্রীর এ মন্তব্যের ভিডিও শেয়ার করেছে ইসরায়েল। পাল্টা টুইটার বার্তায় দেশটি জানায়, ঈশ্বরকে ধন্যবাদ, কারণ ইসরায়েল চার হাজারের বেশি মুসলিমকে হজ করার সুযোগ করে দিতে পেরেছে।

বুধবার, আগস্ট ২২, ২০১৮

ঘাটাইলে তিন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা

 টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি এলাকার ৩টি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসন এই ধারা জারি করে।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইলের মধ্যপাড়া সংগ্রামপুর, দেওপাড়া এবং নির্জনা এই তিন এলাকায় সমাজের দুই পক্ষের বিরোধের জেরে একই স্থানে ঈদুল আজহার নামাজের জন্য পুলিশের কাছে আবেদন করেন। পরে পুলিশ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে বিষয়টি উপজেলা নিবাহী অফিসারকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসক ওই তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ পরির্বতন ডটকমকে বলেন, দুই পক্ষ একই স্থানে ঈদুল আজহার নামাজের বিষয়টি কেন্দ্র করে।

আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ পবিত্র ঈদুল আজহা

আজ পবিত্র ঈদুল আজহা। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করেছন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ি পশু কুরবানি করবেন। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে বুধবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে । তবে আবহাওয়া প্রতিকুলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে বুধবার কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগার, সরকারি হাসপাতাল, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র সরকারি আশ্রয় কেন্দ্র, সেফ হোম্স, দুস্থ কল্যাণ কেন্দ্র এবং শিশু ও মাতৃসদনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।



উল্লেখ্য, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইল (আ.)’কে কুরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপি মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কুরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কুরবানি ফরজ করে দিয়েছেন। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কুরবানি করাই এ দিনের উত্তম ইবাদত। সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাদেশের মুসলিম সম্প্রদায় বুধবার দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবে এবং ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কুরবানির তাৎপর্য।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে । ঈদ উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনের সরকারি ছুটি। তবে এ সপ্তাহের শেষ দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় ছুটি দাঁড়িয়েছে ৫ দিনে। পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বরাবরের মতো এবারও দেশের সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। অপরদিকে বিটিভিসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও ঈদের বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।
ঈদের দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের নামায আদায়ের পদ্ধতি শিখে নিন

আল্লাহ তাআলা বলেন- فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ “তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও কোরবানি কর।” (সূরা কাওসার) অধিকাংশ সম্মানিত মুফাসসিরিনে কেরামের মতে এ আয়াতে সালাত তথা নামায বলতে ঈদের নামাযের কথাই বলেছেন। ঈদের নামায আদায় করা ওয়াজিব। তাই মুসলিম হিসেবে কর্তব্য হবে পূর্ব প্রস্তুতি নিয়ে আগ্রহ সহকারে ঈদের নামাযে অংশ গ্রহণ করা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, এবং ঈদের প্রচলনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করা।
যেহেতু ঈদের নামায বছরে কেবল দু’বার আদায় করা হয়, তাই অনেক মুসলিম ভাই-বোন আছেন যারা এর আদায় পদ্ধতি ভুলে যান। ফলে তারা অতিরিক্ত তাকবীরগুলোতে ভুল করে ফেলেন, কেউ কেউ অন্যরা কি করছে তা আড় চোখে দেখে অনুসরণের চেষ্টা করেন – যা অবশ্যই নামাযের জন্য ক্ষতিকর। তাই এ নিবন্ধে পাঠকদের জন্য ঈদের নামায আদায়ের পদ্ধতি তুলে ধরা হল।
প্রথমে কান বরাবর উভয় হাত তুলবে। তারপর এই ভাবে নিয়ত করবে যে “আমি ঈদুল ফিতর বা ঈদুল আযহার দুই রাকা‘আত ওয়াজিব নামায এই ইমামের পিছনে পড়ছি।” অতঃপর তাকবীরে তাহরীমা বলে হাত নাভির নিচে বাঁধবে এবং ছানা “সুবহানাকা…” পুরা পড়বে। তারপর আরো তিন বার তাকবীর বলবে। প্রথম দুইবার হাত কান পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর তৃতীয় বার হাত কান পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে চুপ করে ইমামের কিরাআত শ্রবণ করবে।
এভাবে প্রথম রাকা‘আত আদায়ের পর দ্বিতীয় রাকা‘আতের কিরাআতের পর তিন বার হাত কান পর্যন্ত উঠিয়ে প্রত্যেকবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। এরপর চতুর্থ বার হাত না তুলে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে এবং অবশিষ্ট নামায অন্যান্য নামাযের ন্যায় সম্পন্ন করবে। (ফাতাওয়ায়ে শামী-১/১৭২)

আমাদের ঘাটাইল ডট কম’র পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ঘাটাইল ডট কম’র  সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপন দাতা ও সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’৷

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷

আজ এক শুভেচ্ছা বার্তায় আমাদের ঘাটাইল ডট কম’র সম্পাদক ও সিইও এস আকবর খান বলেছেন, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তিন দিনের সরকারি ছুটি। ঈদ ঘিরে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, অনলাইন নিউজপোর্টালগুলোও এনেছে ভিন্ন আয়োজন, টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ঈদুল আজহা  সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। পবিত্র এই দিনে আমাদের ঘাটাইল ডট কম’র পক্ষ হতে লেখক, পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, কলাকৌশলিসহ সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 শুভেচ্ছা বার্তায় আগমী দিনগুলোতে পাঠক-পাঠিকাসহ সবাই আমাদের ঘাটাইল ডট কম’র সঙ্গে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঘাটাইলে ঈদুল আযহার নামাজের জামাত সকাল ৭.৩০ ও ৮.৩০ মিনিটে

পবিত্র ইদুল আযহা। প্রস্তুত টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। মুসলমানদের অন্যতম উৎসবের দিন। এ দিনে মুসলিমদের আল্লাহর রাজি খুশীর জন্য পশু কুরবানি দেওয়া উৎসবকে আরও বহুগুণে বাড়িয়ে দেয়। আজ বুধবার (২২ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিটে।
জানা যায়, ঈদগাহে ব্যাগ বা টোপলা জাতীয় কিছু নিয়ে আসা যাবে না। সঙ্গে করে জায়নামাজ, পাটি, চাদর, খাবার পানি ইত্যাদি নিয়ে আসা যাবে। কোনক্রমেই নামাজের সময়সূচী পরিবর্তিত হবে না।
ঘাটাইল ডট কম ঘাটাইলবাসী, টাঙ্গাইলবাসী, দেশবাসী, বিশ্বর সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। বিশ্বর সকল মানুষের উপর বর্ষিত হোক ঈদের আনন্দ, ভালবাসা। এবং ফিলিস্তিনসহ বিশ্বর সকল নিপীড়িত মুসলমানদের প্রতি রইল আন্তরিক সহমর্মিতা।

২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় ঘাটাইলে দোয়া মাহফিল

২০০৪ সালের একুশ আগষ্ট ঢাকায় গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ নিহতদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় টাঙ্গাইলের ঘাটাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট (মঙ্গলবার) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২১ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৩ জনকে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে যা বর্বরোচিত এক ঘৃণিত অধ্যায় হিসেবে বিশেষ স্থান করে নিয়েছে।

এ দিনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের আশু রোগমুক্তি ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে আজ দুপুর ১২টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. শহিদুুল ইসলাম লেবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঘাটাইল পৌরসভার প্যানেল মেয়র লিটন সরকার, যুবলীগ ঘাটাইল উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল সরকার, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, সরকারি জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, টাঙ্গাইলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এস কে শিহাব প্রমুখ।

এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।