শনিবার, জুলাই ০৬, ২০১৯

মুস্তাফিজকে দেখে কাটার শিখেছেন শাহিন আফ্রিদি!

সেমিফাইনালের চার দল অনেকটাই চূড়ান্ত হয়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রূপ নেয় স্রেফ আনুষ্ঠানিকতায়।৫ জুলাই, শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ঐতিহাসিক লর্ডসে মুখোমুখি হয় দুই দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।জবাবে শাহিন আফ্রিদির বোলিং তোপে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৯.১ ওভারে মাত্র ৩৫ রানের বিনিময়ে একাই ৬ উইকেট তুলে নেন ম্যাচসেরা শাহিন আফ্রিদি। তবে এমন দুর্দান্ত বোলিং করতে বাঁহাতি এই পাকিস্তানি পেসারকে পরোক্ষভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন শাহিন আফ্রিদি।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গী হয়েছে ৯৪ রানের পরাজয়। দল হারলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ। ১০ ওভারে ৭৫ রান খরচ করলেও পাঁচ উইকেট তুলে নিয়ে ঐতিহ্যবাহী লর্ডসের অনার্স বোর্ডে স্থান করে নেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন অসাধারণ বোলিং দেখে অনুপ্রাণিত হয়ে কাটার ব্যবহারের সিদ্ধান্ত নেন শাহিন আফ্রিদি। কেবল তাই নয়, কাটার ব্যবহারে সাফল্যও পেয়েছেন তরুণ এই পাকিস্তানি পেসার। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ৯৪ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘এমন পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এটা আমার, আমার পরিবার ও পাকিস্তানের জন্য বিশেষ কিছু। উইকেট বেশ মন্থর ছিল। প্রথম ইনিংসে দেখেছি মুস্তাফিজ কাটার ব্যবহার করে সফল হয়েছিল। তখনই ভেবেছিলাম, আমিও কাটার কাজে লাগাব। সেটাই হয়েছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷