সোমবার, মে ২৭, ২০১৯

ঘাটাইলে ১ কি.মি. সড়ক পার হতে লাগে দেড় ঘণ্টা

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের এলেঙ্গা থেকে জামালপুর সদর হয়ে সরিষাবাড়ী পর্যন্ত জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে ঘাটাইল উপজেলা সদরের পৌর এলাকার হাসপাতাল মোড় থেকে বীরঘাটাইল পর্যন্ত অংশের এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে ঢালাইয়ের মাধ্যমে। কাজের ধীরগতির কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে মাত্র এক কিলোমিটার রাস্তা পার হতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। 

এ সড়কে ঈদ সামনে রেখে মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। রোদে, ধুলা-বৃষ্টিতে, কাদা ও প্রাত্যহিক যানজটে নাকাল এখানকার জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের এক পাশ যান চলাচলের উপযোগী না করে অপরিকল্পিতভাবে অন্য পাশের কাজ শুরু করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী, ব্যবসায়ী, গাড়ির যাত্রীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে কাজের মান নিয়েও। 

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঢালাই করা কাজের বেশ কিছু অংশ এখনি ফেটে গেছে। ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে জমাটবাঁধা সিমেন্ট। 

স্থানীয় এলাকাবাসী জাহান কলি জানান, জমে যাওয়া সিমেন্ট দিয়ে চলছে রাস্তার কাজ। মানুষ অবাক হয়ে সেই সিমেন্ট দেখে আক্ষেপের স্বরে বলে- 'আহা উন্নয়ন, পূজা করতে মন চাচ্ছে।' মমিন নামে একজন জানান, সওজের নির্মাণাধীন রাস্তা ঢালাইয়ের কাজ একদম নিচু মানের সামগ্রী দিয়ে চলছে, চলছে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি; দেখার যেন কেউ নেই।

মহাসড়ক ঘেঁষা ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই কাদার সৃষ্টি হয়। ফলে ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার হতে পারে না। ধীরগতির এ কাজে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে।

ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান বলেন, এ রাস্তার কাজে জনবল একেবারেই কম। ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়বে। প্রতিনিয়ত সড়কে জানজট লেগেই থাকে। 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের স্থানীয় পর্যায়ের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, সড়ক উন্নয়ন কাজ চলছে, সাময়িক একটু অসুবিধা হবেই। ঈদে মানুষের যেন কষ্ট না হয় সেজন্য রাস্তা এসবিবিকরণের কাজ চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷