ঘাটাইল উপজেলার ধলাপাড়া হয়ে রত্নাআটা ও সরাবাড়ি যাওয়ার একমাত্র রাস্তার খালের ওপর নির্মিত ব্রিজটির মাঝের অংশ কিছুদিন আগে ধসে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন সাত গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। ব্রিজটি ধসে পড়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
রত্নাআটা থেকে ৩ কি.মি. রাস্তার খালের ওপর ব্রিজটি ১৯৭৪-৭৫ সালে নির্মাণ করা হয়। ইতিমধ্যে ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জানা যায়, রাস্তাটি দিয়ে রত্নাআটা, সরাবাড়ি, কাঁঠালিয়াটা, নোয়াবাড়ি, বাসাবাইদ, কাজলা ও ধলাপাড়ার বড় মেধার গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। এ ছাড়া ধলাপাড়া কলেজ, ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয় ও চন্দন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
ধলাপাড়া গ্রামের রানা জানান, ব্রিজটিতে যে গর্ত হয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তাসলিমা জানায়, আমরা অনেক দূর থেকে স্কুলে আসি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান-রিকশা চলাচল করতে না পাড়ায় স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ বলেন, ব্রিজটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন একটি ব্রিজের প্রস্তাব ওপরে পাঠানো হবে। এলাকাবাসীর চলাচলে সাময়িকের জন্য একটি স্লাব বসানোর ব্যবস্থা করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷