টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। আসন্ন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১২১ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। শুক্রবার (১ মার্চ) রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, দলের তৃণমূল থেকে পাঠানো নাম ও বিভিন্ন জরিপ বিশ্লেষণ করে চতুর্থ ধাপের ১২১ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, আবদুর রাজ্জাক, রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে নৌকার মনোনয়ন পেয়েছেন মো. হারুন অর রশিদ, মধুপুরে মো. ছরোয়ার আলম খান আবু, গোপালপুরে মো. ইউনুস ইসলাম তালুকদার, ভূঞাপুরে মো. আব্দুল হালিম, ঘাটাইলে মো. শহিদুল ইসলাম লেবু, কালিহাতীতে মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদরে শাহ্ জাহান আনছারী, দেলদুয়ারে মো. ফজলুল হক, নাগরপুরে মো. কুদরত আলী, মির্জাপুরে মীর এনায়েত হোসেন মন্টু, বাসাইলে মো. মতিয়ার রহমান এবং সখীপুরে জুলফিকার হায়দার কামাল আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন পেয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷