বুধবার, জানুয়ারি ০২, ২০১৯

ঘাটাইল বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইখলাক হোসেন খান শামীম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জামুরিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আজ বুধবার (২ জানুয়ারি) ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বরে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান খানের বড় ভাই শামসুর রহমান খান শাহজাহনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুর হাত ধরে ইখলাক হোসেন শামীম আওয়ামী লীগে যোগদান করেন।

ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীমের সাথে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শতাধিক বিএনপি কর্মী সমর্থক এ সময় আওয়ামী লীগে যোগ দেন।

বিএনপির প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া আরও তিনজন ইতোপূর্বে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা হলেন, উপজেলার দীঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভুঁইয়া মিঠু। এছাড়া উপজেলার দিগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মামুনও আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এছাড়াও ঘাটাইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কমিশনার শাহাদৎ হোসেন শামিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

এখন ঘাটাইলে ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া চারজন আওয়ামী লীগে। ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের পতাকা তলে আশ্রয় নিয়েছেন।

পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।

যোগদানের বিষয়টিকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন সংসদ সদস্য আতাউর রহমান খান বলেন, ঘাটাইল উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল। দলে লৎফর রহমান খান আজাদের কোন গ্রহণযোগ্যতা নেই। নেতা কর্মীদের শেষ আশ্রয়স্থল বলে কোন শব্দ নেই। তাই তারা দলে দলে আ’লীগে যোগদান শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷