রবিবার, জানুয়ারি ২০, ২০১৯

ঘাটাইলে পালন হল না জিয়ার জন্মদিন

টাঙ্গাইলের ঘাটাইল বিএনপি বর্তমানে সময়ের সবচেয়ে কঠিন ও খারাপ সময় পার করছে। উপজেলা কমিটিতে থাকা কয়েকজন নেতা দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করায় হতাশ সাধারণ কর্মীরা। ঘর ভাড়া করে পরিচালিত দলীয় কার্যালয়টির আসবাবপত্র এমন পরিস্থিতিতে মালিক পক্ষ নামিয়ে দিয়েছে। দীর্ঘ ২১ বছর পর দলীয় কার্যালয়হীন ঘাটাইল উপজেলা বিএনপি। সাংগঠনিকভাবে দুর্বল থাকায় পালন করা হয়নি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী।

একটা সময় এ উপজেলা বিএনপি’র দূর্গ হিসেবে পরিচিত ছিল। নানাবিধ কারনে এ দূর্গে দেখা দিয়েছে ফাঁটল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তা রূপ নিয়েছে ভাঙ্গনে। নেতাকর্মীরা আজ দলছুট।

আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের আগে এবং পরে প্রায় হাজার খানিক বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এলাদশ নির্বাচনী মহাযজ্ঞে আওয়ামী লীগে যোগ দিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া পাঁচ ইউপি চেয়ারম্যান যোগ দিয়েছেন আওয়ামী লীগে। এসবের কারনে বিএনপি সাংগঠনিকভাবে অতীতের যে কোন সময়ের থেকে দুর্বল অবস্থায় পতিত হয়েছে।

দলটির নেতাকর্মীদের দলছুটের বিষয়টি নতুন নয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন্দলে পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র আ. রশিদ মিয়া যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগে। নব্বইদশকে উপজেলা বিএনপির সভাপতি আজমল হোসেনের নেতৃত্বে বেশ গোছালো ছিল দলটি। কোন গুরুতর কারণ ছাড়াই তৎকালীন মন্ত্রী ও বর্তমানে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ তাকে বাদ দিয়ে দলের সভাপতি করেন শামছুল আলমকে। আজমল যোগ দিলেন আওয়ামী লীগে। আওয়ামী লীগ তাকে সাদরে গ্রহণ করে বানালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। শামছুল আলম বেশী দিন সভাপতির আসন ধরে রাখতে পারলেন না। নতুুন সভাপতি বানানো হল ঘাটাইল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল হক সানাকে।

এর মধ্যে ২০১২ সালে এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডাঃ মতিউর রহমানের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিএনপি’র কেন্দ্রিয়ভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত ছিল না। নৌকা প্রতীকে শহিদুল ইসলাম লেবু ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন লুৎফর রহমান খান আজাদের ভাতিজা আমানুর রহমান খান রানা। উপ-নির্বাচন এবং সে সময়কার যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি সানা এবং আজাদের মধ্যে দূরত্ব বাড়ে।

সিরাজুল হক সানা বলেন, আমার এবং আজাদের মধ্যে দূরত্ব বাড়ার কারণ হল আজাদ শুরুতে মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপি’র নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে বলেন, কিন্তু কিছুদিন পরেই আবার তার ভাতিজা রানার পক্ষে কাজ করতে বলেন। যা ঐ সময় বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ পায়। এতে করে নেতাকর্মীরা দু’টি ভাগে বিভক্ত হয়ে যায়। বিএনপি’র সেই দু’টি ভাগ এখনো বিদ্যমান। যার ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাতার জন্মদিনে কোন কর্মসূচি না থাকার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ. খ. ম রেজাউল করিম বলেন, আজ (১৯ জানুয়ারি) আমাদের কোন কর্মসূচি ছিল না। আমরা সাংগঠনিকভাবে একটু দুর্বল হয়ে পরেছি।

সোর্স : ঘাটাইল ডটকম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷