আতিক সরকার, ঘাটাইল : শুক্রবার (২৭ জুলাই) টাংগাইলের ঘাটাইল উপজেলায় ১ নং দেউলাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাকুটিয়া শিল্প ও বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ আঃ মালেক খান এবং সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ ছানোয়ার হোসেন।
এর আগে সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পাকুটিয়া শিল্প ও বনিক সমিতির কার্যকরী মোট ১১ পদের সাত পদে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীয় ইতোপূর্বে নির্বাচিত হয়েছেন। আর অন্যান্য চার পদে মোট আটজন প্রার্থী আজ নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আঃ মালেক খান (ছাতা), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী প্রবাস চন্দ্র কিরিটি পেয়েছেন ১১২ ভোট (গরুর গাড়ি)। সহ-সভাপতি পদে ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম (আম), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কাজী আব্দুস সবুর পেয়েছেন ৫৬ ভোট (টেলিভিশন)। সাধারণ সম্পাদক পদে ১৭৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন মোঃ ছানোয়ার হোসেন (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জুলহাস উদ্দিন পেয়েছেন ১৫৫ ভোট (মোরগ)। কোষাধ্যক্ষ পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাবু শংকর চন্দ্র (কলসি), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী গোবিন্দ চন্দ্র পাল পেয়েছেন ১৩৬ ভোট (পাখা)।
নির্বাচিত কমিটি আগামী তিন বৎসরের জন্য পাকুটিয়া শিল্প ও বনিক সমিতির দায়িত্ব পালন করবে।
সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
