টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা এলাকায় মাদক নির্মূল কমিটির হাতে দুই জন আটক হয়েছে। ৩০ জুলাই (সোমবার) রাতে তাঁদেরকে কমিটির সদস্যরা আটক করে পরে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
মাদক নির্মূল কমিটির আহবায়ক রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমিটির সদস্যরা জানতে পারে যে মাদক ব্যবসায়ী সনেট চানতারা গোরস্থানের পাশে মাদক বিক্রি করছে। এ সময় কমিটির সদস্যরা মাদক ব্যবসায়ী সনেটকে তিন পিস ইয়াবা সহ হাতেনাতে পাকড়াও করে। সে সময় সনেটের সাথে থাকা আলম নামে একজন মাদকসেবীকেও পাকড়াও করা হয়। পরে ঘাটাইল থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত মাদক ব্যবসায়ী সনেট উপজেলার চানতারা এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে। এবং মাদকসেবী আলম একই এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
