রাইসুল ইসলাম লিটন ও আব্দুল লতিফ ঃ একাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমেজে মেতে উঠেছে টাঙ্গাইল-৩ ঘাটাইল সংসদীয় আসন। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা বিভিন্ন কৌশলে আগাম নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা স্ব-স্ব অবস্থান থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সেবামূলক বিভিন্ন কর্মকা-সহ, ইফতার, দোয়া মাহফিল ও পোস্টারের মাধ্যমে ভোটারদের কাছে শুভেচ্ছা বিনিময় করছেন। নির্বাচনি এলাকায় একাদশ সংসদ নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিশিষ্ট শিল্পপতি ও জাকারিয়া মানবকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, প্রয়াত এমপি ডা. মতিউর রহমানের ছেলে ঢাকা ভিক্টোরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এস আকবর খান, তেজগাঁও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.
শহীদুল ইসলাম। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এমন প্রার্থীর সংখ্যা ৩ জন। এরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শিল্পপতি মাইনুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নাম শোনা গেলেও মাঠে অনেকেরই দেখা মিলেনি। তারা নেপথ্যে থেকেই ভিন্ন কৌশলে কাজ করছেন। আবার জাতীয় পার্টি (জাপা) কোনো প্রার্থীর নাম এখনও শোনা যাচ্ছে না। তবে ঘাটাইলে উভয়ই দলের কোন্দল থাকায় নেতাকর্মীদের মধ্যে অনেকটা হতাশা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঘাটাইল আসনে সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ২০১৪ সালে বিএনপিবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হন। কিন্তু ওই সাংসদ দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যামামলায় জেল হাজতে থাকায় তৃণমূল থেকে তিনি দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ইতিপূর্বে টাঙ্গাইল জেলা আ.লীগ সাংসদ আমানুর রহমান খান রানাকে বহিষ্কারের জন্য দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করেছে।
আমাদের ঘাটাইল ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
