বুধবার, আগস্ট ১৭, ২০১৬

ঘাটাইলে জেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়

ঘাটাইলে অর্ধশতাধিক স্কুল ও মাদ্রাসায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘাটাইলের ৫৯টি উচ্চ বিদ্যালয় ও ৩২টি দাখিল মাদ্রাসার মধ্যে অধিকাংশেই ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। বেশির ভাগ বিদ্যালয়েই সরকারের বিধিমালা মানছে না।
জানা গেছে, সরকার নির্ধারিত বোর্ড ফি ধরা হয়েছে ২৫০ টাকা। ১৪শ’ থেকে ২৪শ’ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে। আবার কোনো কোনো স্কুলে সাড়ে ৪ হাজার টাকাও নেয়া হয়। সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমনটাই জানা গেল শিক্ষার্থীদের কাছে। ঘাটাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মৌসুমী জানায়, তার কাছ থেকে ১৪শ’ টাকা নেয়া হয়েছে। তবে কোনো রশিদ দেয়া হয়নি। একই ভাবে রুমি, রোকন, জসিম, মামুন ও রানার কাছ থেকেও ১৪শ’ টাকা করে নেয়া হয়েছে। তবে কাউকেই টাকা নেয়ার রশিদ দেয়া হয়নি। অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন জানান, বিভিন্ন খরচাদিসহ এই টাকা নেয়া হয়েছে। রশিদ দেয়া হয়নি কেন জানতে চাওয়া হলে বলেন, কেরানী সময় পান না, ক্লাস টিচার ফরম পূরণের টাকার রশিদ কাটবে। সে একটু ব্যস্ততার মধ্যে থাকায় রশিদ কাটতে পারছে না। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনে কোনো পরীক্ষার ফরম পূরণেই রশিদ দেয়া হয়নি। অতিরিক্ত এ টাকা দিয়ে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন কাজও করা হয় না। জানতে চাওয়া হলে ঘাটাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫০ টাকা বোর্ড ফি’র বেশি নেয়ার কথা না। এ বিষয় নিয়ে গত বৎসর শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করে এরকম সিদ্ধান্ত হয়। তারপরও কেউ বেশি নেয় কিনা জানি না অভিযোগ পেলে দেখব। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাহাজ্জত হোসেন বলেন, কারো বকেয়া বেতনসহ আদায় করা হয়। আবার কোনো কোনো স্কুলে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন নিচ্ছে। ফলে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্তও নেয়া হয় বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অামাদের ঘাটাইল সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷