বুধবার, মে ২২, ২০১৯

শ্বাসরুদ্ধকর অবস্থা, কে বসবেন দিল্লির মসনদে!

২৪ ঘন্টারও কম সময় হাতে। এরপরই স্পষ্ট হতে শুরু করবে দিল্লির মসনদের অধিকর্তা কে! এক মাসের ভোটযুদ্ধ শেষে এখন আমলনামা জঁপছেন ভারতের সব রাজনৈতিক দল ও নেতাকর্মীরা। যেন এক শ্বাসরুদ্ধকর অবস্থা। চারদিকে চাপা উত্তেজনাÑ কি ঘটছে ভারতে। কে গঠন করবে পরবর্তী সরকার! এসব প্রশ্নে এখন চায়ের কাপে ঝড়। বুথফেরত জরিপকে উড়িয়ে দিয়ে বিরোধী দলগুলো দৃশ্যত ‘মোদি থামাও’ অবস্থানে।

ভোট গ্রহণের সময়ে যা না হয়েছে, ফল ঘোষণার পর বা আগে তার চেয়ে বেশি সহিংস ঘটনা ঘটতে পারে। তাই ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে স্ট্রং রুমগুলোতে। এসব রুমে রাখা হয়েছে ইভিএম। ওদিকে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠন থামাতে সক্রিয় বিরোধী দলগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দবাবু নাইডু। তিনি সারাদেশের বিরোধী দলগুলোর নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করে চলেছেন। উদ্দেশ্য বিজেপি বিরোধী একটি শক্তিশালী ফ্রন্ট তৈরি করা। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার এ নিয়ে সাক্ষাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জনতা দল (সেক্যুলার) প্রধান এইচডি দেবে গৌড়ার সঙ্গে। ওই বৈঠক স্থায়ী হয় দেড় ঘন্টারও বেশি। এ ছাড়া তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। অন্যদিকে ক্ষমতাসীন এনডিএ জোটের অনেক নেতা বিরোধীদেরকে তাদের পরিণতি মেনে নিতে আহ্বান জানিয়েছেন। ইভিএম’কে ব্যবহার করে বিতর্ক সৃষ্টি না করতে অনুরোধ করা হয়েছে তাদের প্রতি। এসব খবর দিয়েছে অনলাইন জি নিউজ। 

আজ বুধবার ২২টি বিরোধী দলের নেতাদের উদ্বেগ শুনতে এবং তা নিয়ে আলোচনা করতে নয়া দিল্লিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বিরোধী ২২ দলের ওই নেতারা মঙ্গলবার নির্বাচন কমিশনের প্যানেলের সঙ্গে সাক্ষাত করেছেন। তারা এ সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বিষয়ে এবং ভিভিপ্যাট ব্যবহারের বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন। 
সমাজবাদী পার্টির নেতা আজম খান মঙ্গলবার বলেছেন, তার নির্বাচনী আসন রামপুর। সেখানে তিনি যদি কমপক্ষে ৩ লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী না হন তাহলে ধরে নিতে হবে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় নি ভারতের কোথাও। 

পশ্চিমবঙ্গের চিত্রটা অন্য রকম। ভোট গণনার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের রাজধানীতে ৪০০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। ভোট গণনা কেন্দ্রে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় দুই শতাধিক কোম্পানি। যৌথ বাহিনী সেখানে যেকোনো রকম সহিংসতা নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে। স্পর্শকাতর এলাকাগুলো নজরদারিতে রাখা হয়েছে। ভোট গণনা কেন্দ্রের প্রধান ফটকের বাইরে সিটি পুলিশের পাশাপাশি কলকাতা আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতায় ১৩টি স্থানে ভোট গণনা করা হবে। 
পাঞ্জাবে অমৃতসর আসনে ‘পোলিং বুথ নম্বর ১২৩’-এ ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন সোমবার এখানে নুতন করে ভোট নেয়ার সিদ্ধান্ত দেয়। এখানে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

ওদিকে আজ ২২ মে কংগ্রেসের সিনিয়র নেতাদের নিয়ে এক বৈঠক আহ্বান করেছেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এতে ভোটপরবর্তী কৌশল নিয়ে আলোচনা হবে। জোটের সব সিনিয়র নেতা,  সাধারণ সম্পাদক, পার্টির ‘ইনচার্জ’দেরও আহ্বান করা হয়েছে এ বৈঠকে। আরেকটি বৈঠক হওয়ার কথা আগামীকাল ২৩ মে। সূত্রমতে, চারজন নেতাকে নিয়ে একটি টিম গঠন করা হবে। তারা এনডিএ পার্টি বিরোধী একটি একীভূত ফ্রন্ট গড়ে তুলবেন। 
ওদিকে ইভিএম নিয়ে বিরোধীদের প্রশ্নের বিশ্বাসযোগ্যতা নিয়ে মঙ্গলবার সমালোচনা করেছেন ভারতের আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। বলেছেন, বিরোধীদের পরাজয় মেনে নিতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আরো একবার ম্যান্ডেট পেয়ে যান তাহলে তাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না। 

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহে ঘাটাইলে সেমিনার

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঘাটাইল উপজেলার সাধারন মানুষকে তাদের যাকাতের অর্থ সরকারি ফান্ডে জমা দানে উদ্বুদ্ধ করতে ইসলামিক ফাউন্ডেশন ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু।

সেমিনারে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা। আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ গোলাম ফারুক।

এ সময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, রাজনিতিক, ব্যবসায়িক নেত্রীবৃন্দ সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

রবিবার, মে ১৯, ২০১৯

ঘাটাইলের কৃতি সন্তান আমজাদ কবির চৌধুরী আর নেই

টাঙ্গাইল তথা ঘাটাইলের কৃতি সন্তান মোঃ আমজাদ কবির চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৯ মে) সকাল দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরীর ছোট ভাই আমজাদ কবির চৌধুরী জনপ্রিয় অনুষ্ঠান নির্মাতা ছিলেন। তিনিও কয়েকটি চলচ্চিত্র নির্মাণের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। আমজাদ কবির বহু গুণের অধিকারী ছিলেন। তিনি লেখক, সাংবাদিকতা ও টিভি অনুষ্ঠান নির্মাণে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।

ঘাটাইলের দিঘলকান্দি ইউনিয়নের কোলাহা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছোট সন্তান আমজাদ কবির চৌধুরী। মৃত্যুর পুর্ব সময় পর্যন্ত তিনি এটিএন বাংলার অনুষ্ঠান নির্মাতা হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার মাগরিবের নামাজের পর তার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে ঘাটাইল এবং দেশের সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


ঘাটাইলে সরকার নির্ধারিত বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মন দরে বোরো ধান ও নির্ধারিত ৩৬ টাকা কেজি মূল্যে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ মে) বিকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি আতাউর রহমান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এ ছাড়াও আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, চাল কল মালিক ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে উইজডম ভ্যালিতে কাব স্কাউট ব্রতচারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘাটাইলের শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে দুই দিন ব্যাপী কাব স্কাউট ব্রতচারী প্রশিক্ষণ শুরু হয়েছে। 
রবিবার সকাল থেকে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

 প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উইজডম ভ্যালির পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার, প্রধান অতিথী ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান। 
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, উপাধক্ষ্য মেহেরুন্নাহার বাবলী, ঘাটাইল প্রেসক্লাবের সভাপিত নজরুল ইসলাম, কাব শিক্ষক আব্দুর রউফ প্রমূখ। 
প্রশিক্ষণ পরিচালনা করেন বিদুৎ সাহা। উইজডম ভ্যালির কাব স্কাউট সদস্য এ প্রশিক্ষণে অশ নিচ্ছেন।

কাজে ফিরেই কাদেরের হুংকার

সিঙ্গাপুরে ২ মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দফতরে অফিস করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকাল ১০টার কিছু সময় পর তিনি সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে আসেন। প্রথমদিনের অফিসে গিয়েই হুংকার ছেড়েছেন তিনি। আর মাত্র এক-দেড়মাস পরেই মাঠে ঘাটে বেরিয়ে অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী।

অফিসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের বলেন, ‘তিনি এখন পুরোপুরি সুস্থ। স্বাভাবিক সব কাজই করতে পারবেন তিনি। প্রতিদিনই তিনি অফিস করবেন। তবে আপাতত ভারি কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এজন্য এক থেকে দেড়মাস সময় নেবেন তিনি। এরপরই রাস্তায় ঘুরে ঘুরে তিনি সবসময় যেভাবে সড়ক-সেতুসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন সেই কাজে লেগে যাবেন।’

এর আগে মন্ত্রণালয়ে আসার পর সচিবসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর তিনি কিছু ফাইলে সই করেন। পরে তিনি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

এর আগে নিজ দপ্তরে এসে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তো মরেই যেতাম। বেঁচে আছি। প্রথম ইনিংস শেষ করেছি। ইনশা আল্লাহ এবার দ্বিতীয় ইনিংস শুরু করব। দ্বিতীয় ইনিংসে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, ঢাকা উড়াল সড়ক, ঢাকার যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা।’

ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষ এবং দলের নেতা-কর্মী বন্ধুরা আমার জন্য দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার মাঝে ফিরে এসে অনেক ভাল লাগছে। আজ থেকে আমি আবারও আগের মত আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করে যাবো।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘এবার ঈদ যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে। আগামী ২৫ মে গাজীপুর কোনাবাড়ী ও চন্দ্রায় দুটি উড়ালসড়ক ও চারটি আন্ডারপাস উদ্বোধন করা হবে। ঢাকা-চট্টগ্রাম পথে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতু উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করবেন। আশা করা যায়, এবারের ঈদে আর যানজট হবে না।’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্পর্কে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কাউন্সিল যথাসময়ে হবে। দলের একটি টিম সেভাবেই কাজ করছে।’ আগামীকাল তিনি দলীয় কার্যালয়ে যাবেন এবং সেতু ভবনে অফিস করবেন বলে জানালেন।

অসুস্থতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখন সুস্থ আছি। তবে শারীরিক দুর্বলতাও আছে। এক দেড় মাস আগের মতো ছোটাছুটি করা যাবে না। দুই মাস পরপর আবার চিকিৎসকের কাছে ফলোআপ করাতে সিঙ্গাপুর যেতে হবে।’

প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে ঢাকার নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। পরে সুস্থ হওয়ার পর গত ৫ এপ্রিল মাউন্ট এলিজাবেথ থেকে ছাড়পত্র পান ওবায়দুল কাদের। গত বুধবার তিনি দেশে ফিরে আসেন।

শনিবার, মে ১৮, ২০১৯

ঘাটাইলে দা'র কোপে মৃত্যু শয্যায় শিশু ফাহাদ; বিচার চেয়ে সড়ক অবরোধ

টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জের নিয়ে প্রতিপক্ষের দা'র কোপে ১০ বছরের শিশু ফাহাদ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহাদ লক্ষিন্দর সঃপ্রাঃ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। এ হামলার প্রতিবাদে আজ (১৮মে) শনিবার দুপুরে সানবান্ধা বাজারে প্রায় শতাধিক শিক্ষার্থী বিচারের দাবিতে সাগরদিঘী-মধুপুর সড়ক প্রায় ২ঘন্টা অবরোধ করে রাখে।

সরেজমিনে গিয়ে যানাযায়, সানবান্ধা গ্রামের হাসান মাস্টারের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে ফাহাদ ও মেয়ে হাসি চাচাতো ভাই-ভাবিদের সাথে ফসলি জমিতে ছাগল যাওয়া নিয়ে কথা কাটাকাটি করার এক পর্যায়ে প্রতিপক্ষ রুশো,রুশোর স্ত্রী মর্জিনা,আলামিন ও সোনালি লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করতে থাকে।

এসময় ফাহাদের বাবা বাড়িতে না থাকায় কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। ফাহাদ ও হাসি ঘটনাস্থলে গেলে একপর্যায়ে রুশো দা হাতে নিয়ে ফাহাদকে কোপ দিয়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলেই ফাহাদ ও হাসি জ্ঞান হারায়। প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন ফাহাদ মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। এব্যাপারে রুশোর সাথে কথা বলতে চাইলে রুশোর স্ত্রী ফোন রিসিভ করে বলেন, 'ওনি এলাকায় নেই। যা বলার আমাকে বলুন'। ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'রাগের মাথায় কখন কি হয়েছে বলতে পারবোনা'।

ফাহাদের বাবা হাসান আলী মাস্টারে সাথে কথা বললে তিনি জানান, ফাহাদের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তবে এখনো জ্ঞান ফিরেনি। অবস্থা খুবই আশঙ্কাজনক। তৃতীয় শ্রেণির একাধিক শিক্ষার্থী প্রতিবাদ করে বলেন, 'আমাদের সহপাঠি ফাহাদের উপর এ হামলার বিচার চাই'। এছাড়া কলেজ শিক্ষার্থী মাসুম,রাজু,একরামুলসহ­ অনেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরেছি। আহতদের চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছি। থানায় অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


ঘাটাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আব্দুল লতিফ, ঘাটাইল :  টাঙ্গাইলের ঘাটাইলে ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’- এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবি ও বিড়ি শিল্প রক্ষার্থে আঞ্চলিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশন। শনিবাবর (১৮ মে) সকালে ঘাটাইল প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।


এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি বেল্লাল, সাধারণ সম্পাদক সাইফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক এবং শ্রমিক ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।


এসময় বক্তরা বিড়িশিল্পকে কুটির শিল্প ঘোষনা, আরোপিত শুল্ককর প্রত্যাহারের, বিড়ি ভোক্তার উপর থেকে বিমাতাসুলভ আচরণ বন্ধ, পক্ষপাতিত্ব মুলক শুল্কনীতি বন্ধকরাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।


শুক্রবার, মে ১৭, ২০১৯

ঘাটাইলে প্রতিপক্ষের দা’র কোপে মৃত্যু শয্যায় শিশু ফাহাদ

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জের নিয়ে প্রতিপক্ষের দা’র কোপে ১০ বছরের শিশু ফাহাদ হাসপাতালে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধায়  উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সানবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, গ্রামের হাসান মাস্টারের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে ফাহাদ ও মেয়ে হাসি চাচাতো ভাই-ভাবিদের সাথে ছাগল নিয়ে কথা কাটাকাটি করার এক পর্যায়ে প্রতিপক্ষ রুশো, রুশোর স্ত্রী মর্জিনা এবং সোনালি লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে। এসময় শিশু ফাহাদ ও হাসির বাবা হাসান মাস্টার বাড়িতে না থাকায় কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। এক পর্যায়ে রুশো দা হাতে নিয়ে ফাহাদকে কুপ দিয়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলেই ফাহাদ ও হাসি জ্ঞান হারায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রুশোর সাথে মোবাইলে কথা বলতে চাইলে রুশোর স্ত্রী ফোন রিসিভ করে বলেন, ‘ওনি এলাকায় নেই, যা বলার আমাকে বলুন।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাগের মাথায় কখন কী হয়েছে বলতে পারবো না।’

লক্ষিন্দর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বাহাদুর মিয়া জানান, হামলার ঘটনায় শিশু ফাহাদ এখন হাসপাতালে রয়েছে। তবে ছোট বাচ্চার সাথে এমন  সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা জানাই। 

মোবাইল ফোন বন্ধ থাকায় আহত ফাহাদের বাবা হাসান মাস্টারের সাথে কোন যোগাযোগ করা যায়নি। ফাহাদের চাচা হাসেম জানান, ‘ময়মনসিংহ থেকে ফাহাদকে রেফার্ড করে এখন ঢাকা পাঠাচ্ছে। ফাহাদের অবস্থা ভালো না। জমিজমা নিয়ে পূর্বশত্রুতা ছিল ওদের সাথে। আমরা এই সন্ত্রাসী ঘটনার বিচার চাই।’

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘ঘটনাটি জানতে পেরেছি। আহতদের চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছি। থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।’

মঙ্গলবার, মে ১৪, ২০১৯

ঘাটাইলে বজ্রপাতে নিহত গৃহবধূর পরিবারকে দশ হাজার টাকা অনুদান

সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে বজ্রপাতে নিহত আখি বেগমের পরিবারকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে গিয়ে ঘাটাইল উপজেলা পরিষদের  চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু অনুদানের দশ হাজার টাকা নিহতের পরিবারের হাতে তোলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।

উল্লেখ্য গতকাল (১৩.০৫.১৯) সোমবার বিকালে বৃষ্টির  সময় সংগ্রামপুর গ্রামের হামিদ আলীর স্ত্রী আখি বেগম (৩০) পাশের বাড়ি থেকে দুধ ক্রয় করে বাড়ি ফেরার পথে  বজ্রপাতে নিহত হন।