শনিবার, মার্চ ১৬, ২০১৯

যে কারণে এখনই কারামুক্তি মিলছে না ঘাটাইলের সাবেক এমপি রানার

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় জামিন পেলেও দুই যুবলীগ নেতা (শামিম, মামুন) হত্যা মামলায় পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত হওয়ায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এখনই মুক্তি পাচ্ছেন না।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন। তবে টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় গত সপ্তাহে হাইকোর্টের দেয়া জামিন চেম্বার আদালতে স্থগিত করেছে।

হাইকোর্টে রানার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

গত বুধবার (৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ টাঙ্গাইল যুবলীগের দুই নেতা (শামীম ও মামুন) হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে ছয় মাসের জামিন দেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুই যুবলীগ নেতা (শামিম, মামুন) হত্যা মামলায় রানার অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

বিগত ২০১৭ সালের (১৩ এপ্রিল) মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন রানা। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করে দেয় আপিল বিভাগ। এরপর ওই বছরের (১৯ অক্টোবর) আপিল বিভাগ জামিনের এই স্থগিতাদেশ চলমান রেখে জামিন প্রশ্নে জারি করা রুল ৪ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়। ওই আদেশ অনুযায়ী চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে দেয় হাইকোর্ট। পরে নতুন করে বিচারিক আদালতে জামিন আবেদন করেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা।

বিচারিক আদালতে গত বছরের (৫ সেপ্টেম্বর) ফারুক আহমেদ হত্যা মামলায় এবং (৩০ সেপ্টেম্বর) যুবলীগের দুই নেতা হত্যা মামলায় রানার জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা।

বিগত ২০১৩ সালের (১৮ জানুয়ারি) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন এমপি রানা ২০১৬ সালের (১৮ সেপ্টেম্বর) আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত। এ মামলায় বিগত ২০১৭ সালের (৩ ফেব্রুয়ারি) আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই জাহিদুর রহমান খান কাকন, শহিদুর রহমান খান মুক্তি, সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। ওই বছর (৬ সেপ্টেম্বর) দণ্ডবিধির ৩০২, ১২০, ৩৪ ধারায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু করে আদালত। মামলাটি বর্তমানে স্বাক্ষগ্রহণ পর্যায়ে রয়েছে।

এদিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন বিগত ২০১২ সালের (১৬ জুলাই) মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে গিয়ে নিখোঁজ হন। পরদিন শামীমের মা আছিয়া খাতুন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ঘটনায় বিগত ২০১৩ সালের (৯ জুলাই) নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করলে তদন্ত করে ওই বছরের (২১ সেপ্টেম্বর) মামলাটি তালিকাভুক্ত করে পুলিশ।

পরে এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরণ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানার নাম আসে। গ্রেপ্তার আসামিরা আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, রানার নির্দেশেই যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল।

ঘাটাইলে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ঘাটাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের ঘাটাইল প্রতিনিধি আতিকুর রহমানের পরিচালনায় ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান সামু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ( সুপ্রিম কোর্ট) মো: শহিদুল ইসলাম, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ জনাব মাকসুদুল হক, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অধ্যাপক মতিউর রহমার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আবু সাঈদ রুবেল প্রমুখ।

এ সময় বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের কথা তুলে ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

শুক্রবার, মার্চ ১৫, ২০১৯

ঘাটাইল সরকরী পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ঘাটাইল: শিশুকাল থেকে গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন পরিচালনায় রাখা হয় নির্বাচন কমিশন, প্রিজাইডিং-পোলিং অফিসার ও এজেন্ট। বিশৃঙ্খলা এড়াতে দায়িত্বে ছিল পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী। শিক্ষার্থীরাই বিভিন্ন ভূমিকায় এসব দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার সকালে ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাঠে শিক্ষার্থীরা ভোট দেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্ষের ভেতরে প্রিজাইডিং অফিসার, পোলিং ও পোলিং এজেন্ট ভোট গ্রহণের দায়িত্ব পালন করছে।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ছাত্রদের মধ্যে থেকে একজন নির্বাচন কমিশনের দায়িত্বও পালন করছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম নির্বাচন পরিদর্শন করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান মো.আজাহারুল ইসলাম বলেন, স্টুডেন্ট কেবিনেটে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ছিল। সকাল থেকেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১০টি বুথে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ১৮৬৩ জন।  এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আগে থেকেই প্রচারণা চালিয়েছে।

তিনি আরো বলেন, এই নির্বাচনের ফলে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ছোট থেকেই তারা ভোটের আগ্রহী হবেন।

এ নির্বাচনে ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস দীপ্তি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন,দীপ কর্মকার,আসিফুর রহমান, প্রিসাইডিং অফিসার আফিয়া মোকাররামা।

একাধিক শিক্ষার্থী ও ভোটাররা বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে । আমরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। এর আগেও আমাদের বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম শাসছুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে ঘাটাইল উপজেলায় মাধ্যমিকে ৩২টি ও মাদ্রাসায় ২৫ টিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

ঘাটাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম খান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অধ্যাপক মতিয়ুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা প্রমূখ।

আলোচনা শেষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০১৯

ঘাটাইলে প্রাথমিক শিক্ষকদের মানব বন্ধন অনুষ্ঠিত

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিন ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত উপজেলা গেইটের সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম রঞ্জু ,শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক,পলাশ কর্মকার,সাহিত্য সম্পাদক নাজমুল হাসান সোহাগ,সদস্য ফাতেমা বেগম প্রমুখ।

ঘাটাইল উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মীর মোশারফ হোসেন খান ঘাটাইল উপজেলার ১৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। এদের মধ্যে ছয় জন চেয়ারম্যান, পাঁচ জন ভাইস চেয়ারম্যান ও আট জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

আগামী ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনে টাঙ্গাইলে ১২টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। আগামি ৩১ মার্চ টাঙ্গাইলের নয়টি উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে।

চেয়ারম্যান

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক পেয়েছেন ছয় জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু পেয়েছেন নৌকা প্রতীক। সতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন পেয়েছেন আনারস প্রতীক। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিং পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে এহসান আব্দুল্লাহ পেয়েছেন উড়োজাহাজ প্রতীক। সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম জনি পেয়েছেন ঘোড়া প্রতীক। এবং মোঃ মনিরুজ্জামান পেয়েছেন গোলাপ ফুল প্রতীক৷

ভাইস চেয়ারম্যান

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক পেয়েছেন পাঁচ জন প্রার্থী। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। যুবলীগ নেতা সুলতান মাহমুদ পেয়েছেন চশমা প্রতীক। যুবলীগ নেতা সুমন খান (বাবু) পেয়েছেন টিয়া প্রতীক। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি সজীব সরকার পেয়েছেন মাইক প্রতীক। এবং শিল্পপতি কাজী আরজু পেয়েছেন তালা প্রতীক।

এছাড়া এম এম সোয়েব এবং তুহীন খান তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রতীক পেয়েছেন আট জন প্রার্থী। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা পেয়েছেন হাঁস প্রতীক। উপজেলা মহিলা লীগের নেত্রী নুরজাহান সিদ্দিকা পেয়েছেন ফুটবল প্রতীক। ঘাটাইল পৌরসভার ওয়ার্ড কমিশনার মোঃ কবির হোসেনের সহধর্মিণী শাহিনা আক্তার শিল্পী পেয়েছেন সেলাইমেশিন প্রতীক। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগে সিনিয়র সহ সভাপতি আবু মোঃ শোয়েব (ডন) এর সহধর্মিণী মীর আলেয়া পারভীন পেয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক। তাসলিমা জেসমিন পেয়েছেন প্রজাপতি প্রতীক। মরিয়ম আক্তার পেয়েছেন ফুলদানী প্রতীক। আফিয়া বেগম পেয়েছেন পদ্মফুল প্রতীক। এবং ফাহিমা তালুকদার পেয়েছেন কলসি প্রতীক।

ঘাটাইল উপজেলা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার মোঃ মহিউদ্দিন প্রার্থীদের এই প্রতীক বরাদ্দর বিষয়  নিশ্চিত করেছেন।

এদিকে ঘাটাইলে প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন।

টাঙ্গাইল জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী। জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন, ধনবাড়ী উপজেলায় হারুনর রশিদ হীরা, মধুপুরে সরোয়ার আলম খান আবু ও গোপালপুরে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

বুধবার, মার্চ ১৩, ২০১৯

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘাটাইলে র‌্যালী ও আলোচনা সভা

আব্দুল লতিফ, ঘাটাইল : প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’- এ শ্লোগানকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মোছা. নুর নাহার বেগম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিন বিশ্বাস, মাধ্যমিক কর্মকর্তা একে এম শামছুল হক, সমাজ সেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রমুখ।

ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনির নির্বাচনী সভা


রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হামিদপুরে দিগর ও দিঘলকান্দী আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খান মোহন।

সভায় ৩১শে মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জনিকে জয়যুক্ত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করা হয়।

মো. আব্দুল মতিন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিয়া মনি জলি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, আওয়ামী লীগ নেতা মফেল তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন খান, শাহজাহান মিয়া, মোসলেম উদ্দিন, লিটন শিকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, মহিয়ার উদ্দিন মিয়া, সুলতান নেতা, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম গুঠু, খোকন তালুকদার, ছাত্রনেতা সোহানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের চারটি ধাপের তাফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় চতুর্থ ও শেষ ধাপে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ঘাটাইল উপজেলা পরিষদের প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচন।

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

সোমবার, মার্চ ১১, ২০১৯

ঘাটাইলে আনন্দটিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে অনাড়ম্বরভাবে ‘হৃদয়ের কথা বলে’ স্লোগানকে সামনে রেখে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১১ মার্চ) সকালে ঘাটাইল প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. নূর নাহার বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, জিবিজি সরকারি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা মোসা. সানজিদা সুলতানা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, সহ সভাপতি খান ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুর লতিফ, দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান, টাঙ্গাইল সময়ের প্রতিনিধি সবুজ সরকার প্রমুখ।

সে সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

আলোচনা সভা শেষে কেক কেটে দোয়া মাহফিলের মাধ্যমে আনন্দ টিভির নিরন্তর শুভকামনা করা হয়।

রবিবার, মার্চ ১০, ২০১৯

উত্তেজনা চরমে, যেকোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

যেকোনো মুহূর্তে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যেকোনো হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যা চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের জন্য। তার এমন হুঁশিয়ারির পর স্যাটেলাইট থেকে তোলা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং-এর আশেপাশের কিছু ছবি দেখে এমনটি আশঙ্কা করেছেন অস্ত্র বিশেষজ্ঞারা।

শনিবার (৯ মার্চ) দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর পরিকল্পনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কিংবা উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।

উত্তর কোরিয়ায় রকেট নিক্ষেপের মূল স্থানটি পুনর্নির্মাণ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটো গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একথা বলার পরই অস্ত্র বিশেষজ্ঞরা এসব কথা বলছেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, যে স্থাপনায় দেশটি সবচেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ করেছে, তাকে কেন্দ্র করে তৎপরতাও বেড়ে গেছে।

রাজধানী পিয়ংইয়াং-এর কাছে এই স্থাপনাটি সানুমডং নামে পরিচিত। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, এই স্থাপনাটির আশেপাশে বড় বড় যান চলাচল করছে। এর আগেও এরকম পরিস্থিতিতে বোঝা গেছে যে দেশটি উৎক্ষেপণের জন্যে সেখানে ক্ষেপণাস্ত্র কিংবা রকেট জড়ো করছে।

সৌল থেকে বিবিসির সংবাদদাতা লরা বিকার বলছেন, রকেট নিক্ষেপের জন্যে উত্তর কোরিয়ার প্রধান যে স্থাপনা সেটিও নতুন করে পুনর্গঠন করা হয়েছে বলে বিশ্লেষকরা দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো সময়ে এখান থেকে পরীক্ষামূলকভাবে রকেট কিম্বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, তারা ধারণা করছেন যে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, বরং উপগ্রহ উৎক্ষেপণের জন্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারপরেও এটা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের প্রতিশ্রুতির লঙ্ঘন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভিয়েতনামে হ্যানয়েতে এই দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে উত্তর কোরিয়ার জনগণকে এই খবরটি বহু পরে দেয়া হয়েছে যে ওই বৈঠকে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

এদিকে ২০১৭ সালের পর থেকে উত্তর কোরিয়া কোনো ধরনের পরমাণু কিম্বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রয়েছে।