শনিবার, মার্চ ২৩, ২০১৯

ঘাটাইলে কবি-লেখক মিলন মেলা অনুষ্ঠিত

সবুজ সরকার, ঘাটাইল : গতকাল ২২শে মার্চ (শুক্রবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার সংলগ্ন শালিয়াবহ গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে আন্তর্জাতিক কবি-লেখক মিলন মেলা ও কবিতা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি মতিয়ারা মুক্তা (মাটির মা) ক্লাবের আয়োজনে বর্নাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বাংলাদেশ সহ কয়েকটি দেশের মহান, জ্ঞানি, গুনী, মহৎ ব্যক্তিসহ কবি লেখক ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। 

শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন শত শত লোকজন৷

ঘাটাইলে কবি-লেখক মিলন মেলায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের এস এম মজিবর রহমান৷ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতজ ও কবি গবেষক শামীম রুমি টিটন৷ আরো আলোচক হিসেবে ছিলেন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি ও সংগঠক টিপু রহমান ও আনোয়ার মজিদ৷

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি ও সমাজ সেবিকা রাবেয়া রুবি৷ উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের নির্বাহী সভাপতি আবু বকর সিদ্দিক ও মোঃ মাহনুন্নবী জ্যোতি৷ স্বাগত বক্তব্য প্রদান করেন কবি লেখক ফোরামের কেন্দ্রিয় সভাপতি মাইদুল ইসলাম মুক্তা৷ এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি লেখক ফোরামের সহ-সভাপতি সালমা বেগ, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর খান, মামুনুর রশিদ ও রোকসানা সুখী৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের কবি লেখক ফোরামের সভাপতি শের আলী শেরবাগ , নুরনাহার নীরু, নাসরিন বেগম নাজ, আবু নাসের সিদ্দিক তুহিন, সৈয়দ আছলাম হোসেন, আসকাফুর তানভীর, শাহনাজ শারমিন শিউলী, ড. মমতাজ বেগম, শফিকুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, মাহফুজা শামা, নুরুল ইসলাম বাদল, গিয়াস আরিফ, শামিম মিয়া, মঞ্জুর খান প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক মতিয়ারা (মুক্তা) জানান, অক্লান্ত পরিশ্রমে গরীব দুঃখীর জন্য গড়ে উঠেছে ‘মাটির মা ক্লাব’ এবং সারা বাংলাদেশের প্রতিটা জেলায় গড়ে উঠেছে ‘মাটির মা অনলাইন ক্লাব’। আমার ইচ্ছা বাংলাদেশ নয় সারা বিশ্বের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ইচ্ছে থাকলেও অনেক সময় নিজে পেড়ে উঠিনা। তিনি আশা ব্যক্ত করেন, মাটির মা নামে হাসপাতাল, স্কুল, কলেজ, ভার্সিটি, গন্থাগারসহ হাজারো সেবা মুলক প্রতিষ্ঠান হবে। তিনি সে দৃঢ় প্রত্যয় ও আদর্শ্য নিয়েই কাজ করে চলেছেন, ইতিমধ্যে যথেষ্ট সাড়াও পেয়েছেন।

শুক্রবার, মার্চ ২২, ২০১৯

ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি পদে মোহাম্মদ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এস এম আব্দুল লতিফ পুনঃনির্বাচিত হয়েছেন।

জামালপুরের লুইস পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, জামালপুরের লুইস পার্কে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বে সাধারন সভা এবং দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এস এম আব্দুল লতিফ পুনঃনির্বাচিত হন।

উপজেলার এসোসিয়েশনভুক্ত কিন্ডারগার্টেন সমূহের পরিচালকদের ভোটে তারা উভয়েই তৃতীয় বারের মত সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেন।

ঘাটাইলে একই স্থানে দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি প্রশাসনের


আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একই জায়গায় দুই পক্ষের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আজ শুক্রবার (২২ মার্চ) সকালে এই নির্দেশনা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম।

নির্দেশনা থেকে জানা যায়, শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এই ধারা অব্যহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানায়, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদের সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম লেবুর পক্ষে শুক্রবার বিকাল তিনটায় নির্বাচনী সভা ডাকা হয়। একই স্থানে একই সময়ে পাল্টা নির্বাচনী সভা ডাকে স্বতন্ত্র প্রার্থী আনারস (প্রতীক) আরিফ হোসেনও। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও আইন শৃঙ্গলা অবনতির আশংকা দেখা দেয়। এ পরিস্থিতিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ এলাকার সন্ধানপুর স্কুল এন্ড কলেজ মাঠ ও এর আশ পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে একই স্থানে ও একই সময়ে দুই পক্ষ সভা আহবান করে। এ অবস্থায় ওই স্থানে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়। ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৯

ঘাটাইলে বিশ্বজাকের মঞ্জিল টাঙ্গাইল জেলার কর্মীগ্রুপের পুন:মিলনী ও মিশন সভা

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইল জেলার ঘাটাইলে বিশ্বজাকের মঞ্জিল উরস শরীফের পুন:মিলনী ফাতেহা শরীফের তাৎপর্য ও মিশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) যোহরের নামাযের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল জেলা কর্মীগ্রুপের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মো. আবুল হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. আব্দুর রশিদ সিএনসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলাম খান হেস্টিংস। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কর্মী প্রধান মো. বরকতউল্লাহ, আনিছুর রহমান আনিছ, কর্মীগ্রুপের যুব কেন্দ্রীয় সমন্বয়কারী এস.এম.আমিনুল ইসলাম আনাস, কর্মীগ্রুপের ছাত্র কেন্দ্রীয় সমন্বয়কারী মো. জসিম উদ্দিন জুয়েল, জাকের পার্টির মনোনীত উপজেলা চেয়াম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

এছাড়াও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার জাকের মঞ্জিলের কর্মীপ্রধানগণ বক্তব্য রাখেন ।

ঘাটাইলে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

মাসুম মিয়া, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ঘাটাইল-ভূয়াপুর সড়কের পাঁচটিকরী নামক স্থানে অটোরিকশা চাপায় আসোয়াছ (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আসোয়াছ পাঁচটিকরী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আসোয়াছ রাস্তা সংলগ্ন দোকান থেকে বাড়ি যাচ্ছিল। রাস্তা পাড় হওয়ার সময় ঘাটাইল থেকে ভূয়াপুরগামী অটোরিকশাটি তাকে চাপা দেয়।

পরে তাকে দ্রুত ভূয়াপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকাবাসী অটোরিকশাটি আটক করে।

বুধবার, মার্চ ২০, ২০১৯

বাস চালককে মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল ঃ অটোরিকশা যেতে জায়গা (সাইড) না দেওয়ায় ঢাকা থেকে মধুপুরগামী একটি বিনিময় বাসের চালককে মারধর করে অটো শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে ঐ বাস চালক স্থানীয় বাস শ্রমিকদের সহায়তায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখেন। আজ বুধবার রাত ৮টায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্টেন্ড এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেরে আসা একটি যাত্রীবাহী বিনিময় বাস(ঢাকা মেট্রো-ব-১১-৫৯৫৬) টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। এ সময় বাসটি ঘাটাইল উপজেলার হামিদপুরে পৌছালে বাসচালক স্থানীয় একটি অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করে এবং চাপ দেয়। ফলে অটোরিকশাটি সাইড এ পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ অটোচালক কয়েকজন অটোশ্রমিককে সাথে নিয়ে বাসচালক মজনু মিয়া ও হেলপার নুরনবীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। বাসচালককে মারধরের খবর পেয়ে হামিদপুরের বাস পরিবহনের শ্রমিকরা জড়ো হন। তাঁরা ঘটনার প্রতিবাদে সাথে সাথেই রাত ৮টা থকে ৮টা ৪০মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ এবং স্থানীয় শ্রমিক নেতাদের যৌথ পদক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
হামিদপুর বাস মালিক সমিতির সভাপতি রেজাউল করিম সজল জানান, অটোরিকশাকে যাওয়ার জায়গা না দেওয়ায় এ সমস্যা হয়। পাশাপাশি অটোচালক বাসচালককে মারধর করেন। পরে সমঝোতা হবে।

ঘাটাইলে ভোরের ডাক-এর বর্ষপূর্তি পালন

আব্দুল লতিফ, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে অনাড়ম্বরভাবে ‘আনন্দ ও গৌরবের ২৮ বছর’ স্লোগানকে সামনে রেখে পাঠক নন্দিত দৈনিক ভোরের ডাক-এর ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মার্চ) দুপুরে ঘাটাইল প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ নূরুজ্জামান মিঞা, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি খান ফজলুর রহমান, সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর ঘাটাইল প্রতিনিধি আনোয়ার হোসেন বকুল, দৈনিক জনতার প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি বিষ্ণু প্রিয় দীপ, যুগ্ন সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, রেজাউল করিম লিটন, রায়হান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ভোরের ডাক-এর নিরন্তর শুভকামনা করা হয়।


মঙ্গলবার, মার্চ ১৯, ২০১৯

ঘাটাইলে সবুজ ধানের চাদরে ঢাকা কৃষি জমি

উত্তম আর্য্য, ঘাটাইল :  সরিষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে ইরি বোরো ধান চাষ।ত্ইাতো বাতাসে দুলছে সবুজ ধানের পাতা শোভা পাচ্ছে পাচ্ছে প্রকৃতির অপরুপ খেলা।

এরই মধ্যে কৃষি জমিতে সার নিরানী দেওয়া শেষ হয়ে গেছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়নের এখন এমন দৃশ্য চোখে পড়ার মত।যেন চারি দিকে ধান গাছ আস্তে আস্তে বড় হচ্ছে সবুজ চাদরের মত ঢেকে গেছে বেশীর ভাগ ইউনিয়ন। যদিও পাহাড়ী অ লে আবাদ কম হলেও একে বারে পিছে পড়ে থাকার মত না।সাধারনত ঘাটাইল উপজেলা দোফসলি জমি বেশী ।

একটা মৌসুম দোলাই ধান , বিরই ধান,পাইজাম ধান,চামারা ধান আবাদ হয় ।পওে আবার বিআর ২৮,২৯ চাষ হয় ।এমনি করে পর্যায় ক্রমে আবাদী জমিতে চাষ চলতে থাকে । আর কদিন পরে ধান পাকবে ।কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা যাবে ।তখন ব্যাস্ত হয়ে পড়বে তাদের ধান কাটা নিয়ে ।

দিঘল কান্দি ইউনিয়নের সাধুটি গ্রামের নুরজাহান বেগম জানায় আমরা বড় আশা করে ধান রোপন করেছি যদি সঠিক দাম পাই তাহলে ভালই টাকা আনা যাবে । উপজেলার বেশীর ভাগ জমি উর্বর থাকার কারনে ফলন ভালো হয় ।

ঘাটাইলে খাল দখল করে পুকুর খনন; জলাবদ্ধতার আশংকা, ঝুঁকিতে সেতু

মাসুম মিয়া, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শ্যামবিয়ারা ও দিঘলকান্দি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া শত বছরের পুরনো খাল অবৈধ ভাবে দখলের পথে। খাল দখল করে চলছে পুকুর খনন। এলাকাবাসী ও ইউনিয়ন ভূমি অফিস বাধা দিলেও তা তোয়াক্কা করছে না প্রভাবশালী দখলদার মহল।

খালের সঙ্গে থাকা আড়াই বিঘা পৈতৃক সম্পত্তিতে পুকুর খনন করছেন শ্যামবিয়ারা গ্রামের তিন ভাই হায়দার আলী, হারুন মিয়া ও হুমায়ুন। জানা যায়, পুকুর খননের জন্য উপজেলা মৎস্য অফিসের যে অনুমতি পত্র লাগে তাও তাদের নেই।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খালটির বয়স প্রায় একশ’ বছর। ঝিনাই নদীর শাখা এটি। ভূমির নকশা অনুসারে এর প্রশস্ত ৪৫ ফুট। উপজেলা প্রশাসন থেকেও পর্যায়ক্রমে খনন করা হয় খালটি। সর্বশেষ ১৯৯১ সালে সরকারিভাবে খালটি খনন করা হয়। শত শত একর কৃষি জমির সেচ ও পানি নিস্কাশন হয় এই খালকে কেন্দ্র করে। কিন্তু পুকুর খনন করে পাড় বেঁধে খালের প্রায় পুরো মুখ আটকে দেওয়া হয়েছে। ফলে বর্ষাকালে জলাবদ্ধতায় খালের উজানের অনেক জমির ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খনন করা পুকুরের খুব কাছাকাছি খালের ওপর রয়েছে বড় একটি ব্রিজ। ভেকু দিয়ে অনেক গভীর থেকে মাটি কাটার কারণে ব্রিজটিও রয়েছে ঝুঁকিতে।

শ্যামবিয়ারা গ্রামের আকবর হোসেন   বলেন, পুকুর খনন করে খালে বাঁধ দেওয়ার ফলে ঠিকমতো পানি নিস্কাশন হতে পারবে না। বর্ষার পানিতে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হবে।

এ বিষয়ে খনন করা পুকুরের মালিক হায়দার আলী  বলেন, আমি খাল দখল করে পুকুর কাটিনি। খাল আমার জমির ওপর দিয়ে বয়ে গেছে।

স্থানীয় ইউপি মেম্বার হিটলু  বলেন, মিথ্যা প্রত্যয়ন এনে অনেকেই খাল দখল করে আসছে। দখল এমন পর্যায়ে পৌঁছেছে যে, খালের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে পুকুর কাটলে ভারি বর্ষণ হলে শত শত একর জমির ফসল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দিঘলকান্দি ইউপি ভূমি অফিসের সহকারী শামছুল হক খান বলেন, পুকুর খননে আমি বাধা দিয়েছি এবং বিষয়টি উপজেলা ভূমি অফিসকে অবহিত করেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর নাহার বেগম বলেন, বিষয়টি জানার পর খনন কাজ বন্ধ করে দিয়েছি। তার পরও যদি তারা এ কাজ করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোমবার, মার্চ ১৮, ২০১৯

ধর্ষণ মামলা চলা অবস্থায় আবার গণধর্ষণের শিকার ছাত্রী

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ করেছে পাঁচ বন্ধু। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ মার্চ প্রেমিক-প্রেমিকা একটি খেলার মাঠে বসে গল্প করছিল। এ সময় পাঁচ বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলে এসে প্রেমিক-প্রেমিকাকে তুলে নিয়ে যায়। পরে উপজেলার বহেড়াতৈল রেঞ্জের আওতাধীন কাকড়াজান বিটের একটি বনে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ করে পাঁচ বন্ধু। পরে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তারা। এ ঘটনায় জড়িতরা হলো- সাদ্দাম হোসেন, মো. জালাল, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম ও আফাজ উদ্দিন।


স্থানীয়রা জানান, বনের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে যান কয়েকজন ব্যক্তি। এ সময় প্রেমিক-প্রেমিকাকে ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় পাঁচ বন্ধু।

বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে বিচারের চেষ্টা চলে। কিন্তু গ্রাম্য সালিসে বিচার না পেয়ে শনিবার রাতে ধর্ষণের শিকার মেয়ের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সখীপুর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। রোববার সকালে মামলার দুই নম্বর আসামি মো. জালালকে (২৫) গ্রেফতার করে পুলিশ। পরে জালালের কাছ থেকে ধর্ষণের শিকার মেয়েটির আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়। বাকি আসামিদের কাছে আরও ভিডিও রয়েছে বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতার জালাল।

জালাল পুলিশকে আরও জানিয়েছে, ধর্ষণের শিকার মেয়েটি তাদের পাড়ার। মাঝেমধ্যে প্রেমিককে নিয়ে মাঠে বসে গল্প করত। আমাদের সঙ্গে প্রেম না করে অন্য গ্রামের ছেলের সঙ্গে প্রেম করায় তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে।

ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাবা জানান, বছর দুয়েক আগে মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় একবার ধর্ষণের শিকার হয়েছিল। সখীপুর থানায় মামলাও হয়েছিল। এখনো মামলা চলছে। এরপর থেকে থানা ও আদালতে ঘুরতে গিয়ে লোক লজ্জার ভয়ে আর স্কুলে পড়া হয়নি মেয়েটির। আবার মামলায় যেতে হলো। আগের মামলায় মেয়ে বাদী ছিল। এবার আমাকেই বাদী হতে হলো। এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের বিচার চাই আমি।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।