শনিবার, জুলাই ০৬, ২০১৯

ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম।

তিনি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসাবে গোপালপুর সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৩ সালে  তিনি সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকেই শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে অত্র প্রতিষ্টানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ ছাড়া সহপাঠক্রমিক ক্ষেত্রেও প্রতিষ্টানটি সুনামের স্বাক্ষর রেখে চলছে। 

যেভাবে কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি করিয়েছে তারা!

দরিদ্র ঘরের ষোড়শী কিশোরীকে চাকরি দিওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও যৌন ব্যবসায় বাধ্য করার ঘটনার হেলেনা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৯ দিন পর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে অভিযান চালায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিাযানে ঢাকার উত্তর মুগদা মদিনাবাগের একটি বাসা থেকে ভুক্তভোগি কিশোরীকে উদ্ধারসহ এ ঘটনার সাথে জড়িত ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হেলেনা বেগম পিরোজপুর জেলার মটবাড়ীয়ার উত্তর মিঠাখালী গ্রামের তাহের মৃধার মেয়ে এবং বাবুল সরদারের স্ত্রী। অপহরণকারী চক্রের মূলহোতা মনির হোসেন জামাল বরগুনার নলটোনা ইউনিয়ন পরিষদের উলা পদ্মা (বাবুগঞ্জ) গ্রামের ইউসুফের ছেলে। সে এখনও পলাতক রয়েছে।

এ ঘটনায় ওইদিন রাতেই ৮ জনের নাম উল্লেখ করে কিশোরীর দুলাভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

কিশোরীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরী গত ২৫ জুন সকালে চাকুরীর উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেড এলাকায় যায়। সেখান থেকে বেলা ১১টায় মনির চাকুরির প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ঢাকার উত্তর মুগদা মদিনাবাগ এলাকার আব্দুল জব্বারের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে হেলেনা বেগমের সহযোগিতায় মনির হোসেন জাামাল কিশোরীটিকে ধর্ষণ করে। পরে হেলেনা বেগম ও মনিরের যোগসাজসে বিভিন্ন সময়ে ওই কিশোরীকে দিয়ে যৌন ব্যবসা করাতে বাধ্য করে।

ভুক্তভোগির আত্মীয়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে কিশোরীটিকে উদ্ধারসহ প্রতারক চক্রের অন্যতম সদস্য হেলেনা বেগমকে গ্রেফতার করে পুলিশ। পলাতক অন্যান্য আসামীরা হলো, নানা ওরফে কারফু (৫২), পনির (৪০), নাঈম (৩৫), ইমন (৩২), মাজহারুল (৪৮) ও দেবাশীষ (৩২)।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. শামীম হোসেন জানান, অপহরণের পর ধর্ষণ ও নিজেদের হেফাজতে নিয়ে পতিতাবৃত্তির অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হেলেনা বেগমকে ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত হেলেনা বেগমসহ পলাতক আসামীরা একটি অপহরণকারী চক্র। চক্রটি চাকুরীপ্রার্থী মেয়েদের কৌশলে অপহরণ করে নিজেদের হেফাজতে রেখে পতিতাবৃত্তি করায় বলে গ্রেফতারকৃত হেলেনা বেগম প্রাথমিকভাবে স্বীকার করেছে।

মুস্তাফিজকে দেখে কাটার শিখেছেন শাহিন আফ্রিদি!

সেমিফাইনালের চার দল অনেকটাই চূড়ান্ত হয়ে যাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি রূপ নেয় স্রেফ আনুষ্ঠানিকতায়।৫ জুলাই, শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ঐতিহাসিক লর্ডসে মুখোমুখি হয় দুই দল। এদিন টস জিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।জবাবে শাহিন আফ্রিদির বোলিং তোপে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৯.১ ওভারে মাত্র ৩৫ রানের বিনিময়ে একাই ৬ উইকেট তুলে নেন ম্যাচসেরা শাহিন আফ্রিদি। তবে এমন দুর্দান্ত বোলিং করতে বাঁহাতি এই পাকিস্তানি পেসারকে পরোক্ষভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন শাহিন আফ্রিদি।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গী হয়েছে ৯৪ রানের পরাজয়। দল হারলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ। ১০ ওভারে ৭৫ রান খরচ করলেও পাঁচ উইকেট তুলে নিয়ে ঐতিহ্যবাহী লর্ডসের অনার্স বোর্ডে স্থান করে নেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন অসাধারণ বোলিং দেখে অনুপ্রাণিত হয়ে কাটার ব্যবহারের সিদ্ধান্ত নেন শাহিন আফ্রিদি। কেবল তাই নয়, কাটার ব্যবহারে সাফল্যও পেয়েছেন তরুণ এই পাকিস্তানি পেসার। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ৯৪ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে শাহিন আফ্রিদি বলেন, ‘এমন পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এটা আমার, আমার পরিবার ও পাকিস্তানের জন্য বিশেষ কিছু। উইকেট বেশ মন্থর ছিল। প্রথম ইনিংসে দেখেছি মুস্তাফিজ কাটার ব্যবহার করে সফল হয়েছিল। তখনই ভেবেছিলাম, আমিও কাটার কাজে লাগাব। সেটাই হয়েছে।’

শুক্রবার, জুলাই ০৫, ২০১৯

জিতেও বাংলাদেশের সাথে বিদায় নিলো পাকিস্তান

দু’দলের শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ‘শুভ বিদায়’ নিলো পাকিস্তান। অন্য দিকে শেষটা ভালো হলো না টাইগারদের। তবে একসাথে ২০১৯ বিশ্বকাপ আসর শেষ করল দুই দল। পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেম। দলের হয়ে সর্বোচ্চ (৬৪) রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।

বিশ্বকাপের ৪৩তম ম্যাচটি ছিলো পাকিস্তানের জন্য অসম্ভব এক গন্তব্যহীন স্বপ্নযাত্রার মতো। এই ম্যাচে বিস্ময়কর কিছু দেখিয়ে তাদের সামনে সুযোগ ছিলো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ারও। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে সেই অসম্ভবকে সম্ভব করার মতো কোনো মানসিকতা দেখা যায়নি পাকিস্তানী ব্যাটসম্যানদের।



টস জিতে প্রথমে ব্যাট করে ইমাম উল হকের (১০০) ও বাবার আাজমের (৯৪) রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে পাকিস্তান।

প্রথমে ব্যাট করার পর পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ৭ রানে অলআউট করতে হবে । ৮ রান করলেই শেষ সেমির স্বপ্ন। এটি যে নিঃসন্দেহে অসাধ্য তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান বাংলাদেশের প্রথম উইকেট শিকার করে ২৬ রানে।  আর তাতে শেষ চারে ওঠা হলো না সারফরাজ বাহিনীর।

হোম অব ক্রিকেট খ্যাত লন্ডনের লর্ডসে (বাংলাদেশ সময়) বিকেল সাড়ে তিনটায় প্রথম পর্বে দু’দলের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের অধিনায়ক সারফরাজ আহমেদ। বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে শেষ টস করেন মাশরাফির।



সেমিফা্‌ইনালের অসম্ভাবনীয় আশা ও দলের জয়ে বড় পুঁজি জমা করতে নেমে শুরুতেই স্কো্র বোর্ডে ২৩ রান জমা করতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ সাইফউদ্দিনের তৃতীয় ওভারে অপ স্ট্যাম্পের বাইরের বল ফুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার মেহেদি হাসান মিরাজের তালুবন্দীতে ব্যক্তিগত ১৩ রান করে ফেরেন ফখর।

দ্বিতীয় উইকেট জুটিতে বাবার আজম ও ইমাম উল হকের ১৫৭ রানের জুটি পাকিস্তানকে চালকের আসনে নিয়ে যায়। ইনিংসের ৩২তম ওভারে বাবর আজমকে দারুণ এক এলবিডব্লিউর ফাঁদে ফেলে দ্বিতীয় শিকার করে দলকে ব্রেক থ্রো এনে দেন সাইফ। ৯৮ বলে ১১ চারে ৯৬ রানের সেঞ্চুরি বঞ্চিত ইনিংস খেলেন বাবর। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন ইমাম।

দেখে শুনে খেলে বিশ্বকাপে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস স্টেডিয়ামে ওপেনার ইমাম উল হক তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ও বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। বিশ্বকাপের মঞ্চে এর আগে কোনো পাকিস্তানি দু’টি সেঞ্চুরির দেখা পাননি। ১৯৯২ বিশ্বকাপে একটি করে সেঞ্চুরি করেছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। ২০১৯ বিশ্বকাপে একই কাজটি করেছেন বাবর আজম ও ইমাম। বাবর সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

২ উইকেটে ২৪৬ করে রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখিয়ে ছিলেন ইমাম-উল-হক ও বাবর আজমরা। এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

মোস্তাফিজুর রহমানের বলে সিঙ্গেল রান নেয়ার মধ্য দিয়ে ৯৯ বলে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ইমাম -উল হক।  তার বিদায়ের ঠিক দুই রানের ব্যবধানে ফেরেন মোহাম্মদ হাফিজ। তিনি মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হন। সাজঘরে ফেরার আগে ২৫ বলে তিনটি বাউন্ডারিতে ২৭ রান করেন হাফিজ।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি হারিস সোহেল। কাটার মাস্টার মোস্তাফিজের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন হারিস। তার বিদায়ের মধ্য দিয়ে ৪৩.৫ ওভারে ২৫৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সাইফউদ্দিনের অসাধারণ ইয়র্কারে স্ট্যাম্প ভেঙে যায় ওয়াহাব রিয়াজের। মোস্তাফিজের বলে তার অসাধারণ ক্যাচে পরিণত হন শাদাব খান। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মধ্যেই ইনিংনের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান ইমাদ ওয়াসিম। তার ২৬ বলের ৪৩ রানের সুবাদে ৩১৫ রান করে পাকিস্তান।

বাংলাদেশী বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৫টি সাইফউদ্দিন ৩টি ও মেহেদি হাসান একটি উইকেট শিকার করেন।

পাকিস্তানের দেয়া ৩১৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালেঅ হয়নি বাংলাদেশের। দলীয় স্কোর বোর্ডে ২৬ রান জমা হাতেই ওপেনার মোহাম্মদ আমিরের বলে ফখর জামানের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ২২ বলে ৪ চারে ২২ রান করেন সৌম্য।

ওয়ানডাউনে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দেখে-শুনে দলের চাপ সামলানোর চেষ্টা করেন ডিপেন্সিভ ব্যাট করা তামিম। কিন্তু দলের ৪৮ রানের মাথায় শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২১ বলে ৮ রান করেন তামিম।

চ্যালেঞ্জিং লক্ষ্য পাড়ি দিতে নেমে দুই ওপেনারের ব্যর্থতায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ৪৮ রানে দুই ওপেনারকে হারানোর পর ৭৮ রানের মাথায় মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে ফিরলে আরো চাপে পড়ে যায় টাইগাররা।

চতুর্থ উইকেট জুটিতে লিটন দাসকে নিয়ে বিপর্যয় কাটানোর চেষ্টা করেন সাকিব। দুজনে ছোট-খাটো একটি জুটিও গড়েন।

১৩৬ রানের মাথায় শাহিন আফ্রিদির স্লো বলে শর্ট খেলতে গিয়ে কভার পয়েন্টে ফিল্ডিং করা হারিস সোহেলের তালুবন্দী হয়ে ফেরেন লিটন। ৪০ বলে ৩২ রান আসে লিটনের ব্যাট থেকে।

বিশ্বকাপে রানের ফুলকি ছুটানো সাকিব আল হাসান দেখে শুনে খেলে ৬২ বলে তুলে নেন আসরের পঞ্চম ফিফটি। ৯ ইনিংসের দুটিতে  করেছেন সেঞ্চুরি । এক বিশ্বকাপে এর আগে সাত ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান শুধু শচীন টেন্ডুলকারের ছিল। ফিফটি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি সাকিবও। ৭৭ বলে ৬ চারে ৬৪ রান করে আফ্রিদির বলে সরফরাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সাকিব ফিরে গেলে আর কোনো ব্যাটসম্যান ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানী বোলারদের সামনে। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ২৯, মোসাদ্দেক হোসেন সৈকতের ১৬ ও মাশরাফির ১৫ রানে শুধু হারের ব্যবধান কমাতে সাহায্য করেছে বাংলাদেশকে। সবকটি উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২২১ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

পাকিস্তানী বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ৬টি, শাদাব খান ২টি,  মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও একটি করে উইকেট শিকার করেন।

বল হাতে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানী পেসার শাহিন আফ্রিদি।

অনেক আশার বিশ্বকাপের হতাশার সমাপ্তি

আশা নয়, বলা চলে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাথমিক লক্ষ্যই ছিলো বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। কিন্তু গত মঙ্গলবার ভারতের কাছে হেরে শেষ হয়ে যায় সে সম্ভাবনা। সেমির স্বপ্ন ভঙ্গ হওয়ার পর আশা ছিলো পাকিস্তানের বিপক্ষে জিতে অন্তত বিশ্বকাপের সমাপ্তিটা ইতিবাচকভাবে করা।

কিন্তু কিসের কি! ক্রিকেটের মক্কাখ্যাত ঐতিহাসিক লর্ডসে পাকিস্তানের কাছে যেন পাত্তাই পেল না মাশরাফি বিন মর্তুজার দল। পারলো না বিশ্বকাপের শেষটা মনের মতো করতে। হতাশাজনক বোলিং-ফিল্ডিংয়ের পর ব্যাটিংটাও আশানুরূপ না হওয়ায়, শেষ ম্যাচের ফলটাও এসেছে নেতিবাচক।

ওপেনার ইমাম উল হকের সেঞ্চুরি ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে করা পাকিস্তানের ৩১৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ২২১ রানে। দলের ৯৪ রানের বড় জয়ে বল হাতে ৬ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রায় ৫ বছর পর ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারল পাকিস্তান।

তবে এত বড় জয়ের পরেও সেমিফাইনালে খেলার আশা পূরণ হচ্ছে না পাকিস্তানের। কেননা ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান ১১ হলেও, নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট পেয়েছে কিউইরাই। সেমিফাইনালে তাদের খেলতে হবে টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে।

এর আগে মোস্তাফিজুর রহমানের শেষ সময়ের বোলিং ঝলকের পরও ৯ উইকেটে ৩১৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরি করেন দলটির ওপেনার ইমাম উল হক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা। স্পিনার মেহেদি হাসান মিরাজকে দিয়ে বোলিং উদ্বোধন করান টাইগার অধিনায়ক মাশরাফি।

প্রথম ওভার থেকে মাত্র ১ রান দেন মিরাজ। ৭ ওভারে আসে মাত্র ২৩ রান। ইনিংসের অষ্টম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে দ্বিতীয় বলেই পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ফাখর জামানকে মিরাজের ক্যাচ বানান সাইফউদ্দীন।

কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন ইমাম উল হক আর বাবর আজম। ১৫৭ রানের এই জুটিটি ভাঙেন সেই সাইফউদ্দীনই। সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে যাওয়া বাবর আজমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার। ৯৮ বলে ১১ বাউন্ডডারিতে বাবর তখন ৯৬ রানে।

তবে ১৮০ রানে ২ উইকেট হারানোর পর আরও একটি জুটি পায় পাকিস্তান। তৃতীয় উইকেটে ইমাম আর মোহাম্মদ হাফিজ তুলেন ৬৬ রান। এই জুটি ভাঙার পরই বেশ কয়েকটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

ইমাম উল হক সবেমাত্র সেঞ্চুরিটা তুলেছেন। এক বল পরই মোস্তাফিজের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে হিটউইকেট হন পাকিস্তানি ওপেনার। ১০০ বল মোকাবিলায় গড়া তার কাটায় কাটায় ১০০ রানের ইনিংসটিতে ছিল ৭টি বাউন্ডারির মার।

পরের ওভারে এসে মেহেদী মিরাজ তুলে নেন আরেক সেট ব্যাটসম্যান হাফিজকে (২৭)। সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে সাকিবের সহজ ক্যাচ হন তিনি।

১০০তম ওয়ানডে উইকেট হাত দিয়ে ডাকছিল মোস্তাফিজকে। খুব বেশি দেরি করেননি কাটার মাস্টার। আগের ওভারে ইমামকে ফিরিয়েছেন, পরের ওভারে হারিস সোহেলকে (৬) সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজ।

এর মধ্যে আবার সাউফউদ্দীনের ইয়র্কারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ (২)। ওয়াহাব রিয়াজকেও (২) ফেরান এই পেসারই, দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে। তবে ইমাদ ওয়াসিম একটা প্রান্ত ধরে মেরে খেলছিলেন।

৪৮তম ওভারের প্রথম বলেই অসাধারণ ক্যাচ ধরেন মোস্তাফিজ। টাইগার পেসারকে সোজা ব্যাটে খেলতে গিয়েছিলেন শাদাব খান। এক হাতে দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন মোস্তাফিজ।

তবে পাকিস্তানের কাজের কাজটা করে দিয়েছেন ইমাদ ওয়াসিম। ২৬ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রানের এক ঝড় তুলে ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজের শিকার হন তিনি।

এই মোস্তাফিজই ইনিংস শেষে টাইগারদের সেরা বোলার। ৭৫ রান খরচ করলেও তার নামের পাশে ৫টি উইকেট। ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন।

প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সিঁড়ি এত উঁচু কেন, প্রশ্ন সুমনের

কমলাপুর রেলস্টেশনের ঘাস নিয়ে লাইভ করার পর এবার ট্রেনে ওঠার সময় নারী ও বৃদ্ধাদের ঝুঁকি নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফের ফেসবুক লাইভ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও বাচ্চাদের নিয়ে যারা রেলে চলাফেরা করেন তাদের প্রতি কি একটু সহায় হবেন- এমন আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি বউ-বাচ্চা, বৃদ্ধা মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে চান তা হলে বউ থাকবে কই আর মা-বাবা থাকবে কই। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন।


লাইভে এসে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সিঁড়ির দূরত্ব দেখিয়ে সুমন বলেন, ‘এই ট্রেনটাকে মিটার গেজ (পরে সংশোধন করে বলেন ব্রডগেজ) বলা হয়। আমার প্রশ্ন হলো-প্ল্যাটফ্রম থেকে দূরত্ব বা উচ্চতা কত? ব্রিটিশ আমলের ট্রেনগুলো ছিল এমন। আপনারা (রেলওয়ে কর্তৃপক্ষ) নতুন ট্রেন আনলেন কিন্তু প্ল্যাটফর্ম এখনো পুরনো।’

রেলওয়ে স্টেশনে উপস্থিত লোকদের দেখিয়ে তিনি বলেন, ‘দেখেন সবাই, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা দোতলার সমান। কোনো স্টেশনে ট্রেনটি তিন মিনিট থামে। তিন মিনিটে ৫০ জন মানুষ প্রায় দুই তলার সমান উচ্চতায় ওঠা কি সম্ভব?’

রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্যারিস্টার সুমন বলেন, ‘রেলমন্ত্রী, ট্রেন আপনি অনেক উঁচু বানিয়ে দিছেন। আর প্ল্যাটফর্ম এখানে বিট্রিশ আমলের। আমি কমলাপুর সেন্ট্রাল স্টেশন থেকে বলছি। আর গ্রামের স্টেশনগুলোর অবস্থা তো আরও খারাপ। সেখানে ট্রেনে উঠতে তো রীতিমতো যুদ্ধ করতে হয়। বউ বাচ্চা নিয়ে ওঠা একটা বে-ইজ্জতের কারবার।’

তিনি আরও বলেন, ‘দুনিয়া এগোচ্ছে, সব কিছু এগোচ্ছে। রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। তবে ব্রেইনে আনেন পরিবর্তন করার। আপনারা বউ-বাচ্চা লইয়া ট্রেনে যাতায়াত করবেন কি-না জানি না। তবে, এই প্ল্যাটফর্ম ট্রেনের সমান করতে কোটি কোটি টাকার দরকার পড়বে না। আশা করি রেলমন্ত্রীসহ সকলেই এর প্রতি সদয় হবেন।’

এর আগে (৩০ মে) ব্যারিস্টার সুমন স্টেশনের সামনে রেললাইনের ওপর বেড়ে ওঠা ঘাস কেটে পরিচ্ছন্ন করার অনুরোধ জানিয়ে তার নিজের ফেসবুক পেজে লাইভ দেন। এর পরদিনই (শুক্রবার) সেসব ঘাস কেটে পরিষ্কার করে ফেলে রেলওয়ে কর্তৃপক্ষ।

পরিবারকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য ট্রেনে তুলে দিতে কমলাপুর রেলস্টেশনে গিয়ে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেখানে তিনি দেখেন, রেললাইনের ওপর বড় বড় ঘাস জন্মেছে। যা কাটার জন্য কারো সময় নেই।

ব্যারিস্টার সুমন বলেন, ‘রেলের সময় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মোটামুটি ভালোই চলতেছে। এজন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

ওই লাইভে তিনি আরও বলেন, এটা দেশের সবচেয়ে বড় রেলস্টেশন। এটা কেন্দ্রীয় রেল স্টেশন। এ সময় তিনি এক হাত লম্বা লম্বা ঘাস দেখিয়ে বলেন, ‘কিছু লোক লাগিয়ে ঘাসগুলো পরিষ্কার করলে স্টেশনটা অনেক সুন্দর হয়ে যেত।’

সর্বকালের সেরা দশে স্থান পেতে ১৯ রান দূরে সাকিব

সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। ভারতের কাছে ২৮ রানে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টাইগাররা। জয়-পরাজয় আর বৃষ্টির মাঝেও জ্বলে উঠেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৫৪২ রান নিয়ে চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতীয় ওপেনার রোহিত শর্মার পরেই তার অবস্থান। এছাড়া বল হাতেও ৭ ইনিংসে ১১ উইকেট ঝুলিতে পুরে টুর্নামেন্টের এখন পর্যন্ত তিনিই সেরা পারফর্মার।

আজ শুক্রবার ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগার শিবির। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এই ম্যাচের আগে অনন্য একটা ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। আর ১৯ রান করলেই যে সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের তালিকায় ঢুকে যাবেন, যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারার মতো তারকারা।

অবশ্য টেন্ডুলকার-পন্টিংরা অনেক দূরত্বে। ১৮ রান করলে বিশ্বকাপে সাকিবের মোট রান হবে ১‌১০০। সেক্ষেত্রে মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলবেন সাকিব।
শুধু তাই নয়, আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন সাকিব। সেই বিশ্বকাপে এবারের মতো ফর্ম না থাকলেও বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে উঠে যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল থাকবে সাকিবের।

বৃহস্পতিবার, জুলাই ০৪, ২০১৯

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ


জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ - ২০১৯ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু। সভাপতিত্ব করেন ঘাটাইলউপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোছাঃ নুর নাহার বেগম।


বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন এক ‘মহানায়ক’

বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন এক ক্রিকেট মহানায়ক। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপের অভিযান শেষ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের মহানায়ক মাশরাফি বিন মর্তুজা। বিদায়ের পর্বটা ভালো হলো না বাংলাদেশ অধিনায়ক মাশরাফির।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে সৈন্যদের দিয়ে ইংল্যান্ডের মাটিতে পা দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য পিছেই লেগে ছিলো বাংলাদেশের। বাজে ফিল্ডিং, বৃষ্টিতে পয়েন্ট নষ্ট, জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া- দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। তাই তো সংবাদ সম্মেলনে প্রায়ই মাশরাফি বলে থাকেন, ‘ভাগ্য অনেক বড় ফ্যাক্টর। আপনি যতই ভাল খেলুন না কেন, ভাগ্যের সহায় থাকতে হয়।’ দুর্ভাগ্য মাশরাফি ও বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু কাল তো অন্তত ভাগ্যের সহায় মনে প্রাণে চাইতেন পারেন মাশরাফি। কারন কালই বাংলাদেশের অধিনায়কের বিশ্বকাপে শেষ ম্যাচ।

বয়স- ৩৬ ছুই-ছুই। আগামী বিশ্বকাপ ২০২৩ সালে। সেখানে মাশরাফির খেলা দুরহ। সেটি নিজেও জানেন মাশরাফি। তাই তো দেশ ছাড়ার আগে ও ইংল্যান্ডে এসেও বলেছেন- এবারের আসরই আমার শেষ বিশ্বকাপ। মাশরাফির শেষ বিশ্বকাপটা রঙ্গিন হলো না। তবে বিশ্বকাপের শেষ ম্যাচটা রঙ্গিন করতে মুখিয়ে থাকবেন মাশরাফি।

তবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মাশরাফি। দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপের মঞ্চে এসেছিলেন তিনি। কিন্তু এখন পর্যন্ত ৭ ইনিংসে বল করে মাত্র ১ উইকেট নিয়েছেন মাশরাফি। ৪৯ ওভার বল করে ৬ দশমিক ৪২ ইকোনমি রেটে ৩১৫ রান দিয়েছেন তিনি। এমন পারফরমেন্সে মাশরাফি নিজেও হতাশ। তাই তো মন খারাপ নিয়েই বলেছিলেন, ‘আমার নিজেরও খুব খারাপ লাগছে।’ খারাপ লাগছে ভক্তদেরও। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে নিয়ে হাহা-কার তাদের। তবে যারা সমালোচনাতে পটু, তারা ঠিকই তাদের কাজটি করেছেন। মাশরাফিকে নিয়ে সমালোচনা করতে ভুল করেননি। তারা হয়তো ভুলে গেছেন, পায়ে সাতটি অস্ত্রোপচার নিয়ে এখনও ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। অধিনায়কত্ব, বোলিং দিয়ে দলকে সেরা অবস্থানে আনতে বড় ভূমিকা ছিলো গত ৩০ ডিসেম্বর সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফির।

২০১৪ সালের শেষেরদিকে বাংলাদেশের ক্রিকেট যখন টালমাটাল অবস্থা তখনই দলের দায়িত্ব নেন মাশরাফি। বিশ্বকাপের আগে দেশের মাটিতে জিম্বাবুুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে পাল্টে দেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের সবগুলোতেই জয় পায় বাংলাদেশ। এই সাফল্য নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের এগারতম আসরে খেলতে নামে টাইগাররা।

সে আসরে বড় কোন লক্ষ্য ছিলো না বাংলাদেশের। কিন্তু মাশরাফি নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে সেরা সাফল্যই পায় বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে প্রথমবারের মত খেলে টাইগাররা। শেষ আট থেকে বিদায় নিলেও, থেমে যায়নি বাংলাদেশের পথ চলা। মাশরাফির নেতৃত্বে এরপর ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মত দলকে নাকানিচুবানি দেয় বাংলাদেশ। এইসব সাফল্যে আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ সাত নম্বরে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেখানে চমক দেখায় বাংলাদেশ। দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স, মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব বাংলাদেশকে সেমিফাইনালে তুলে। কিন্তু সেখানেই থেমে যায় বাংলাদেশের পথচলা।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যে বাংলাদেশকে আরও বড় স্বপ্ন দেখান মাশরাফি। দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পণ করে ইংল্যান্ডে আসেন তিনি। কিন্তু ঐ যে ভাগ্য সহায় হয়নি দলের। ভাগ্য সহায় হয়নি মাশরাফির। নয়তো বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী বিশ্বকাপের মঞ্চে মাত্র ১টি উইকেট পাবেন, বেমানানই বটে।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথম খেলতে নামেন মাশরাফি। ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধান ভূমিকা ছিলো মাশরাফির। ৯ দশমিক ৩ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

২০০৭ সালের বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাশরাফি, ২০১১ সালের বিশ্বকাপ মিস করেন। দেশের মাটিতে ঐ বিশ্বকাপের জন্য দল ঘোষনার এক মাস আগে ঘরোয়া ক্রিকেট খেলার সময় আবারো হাটুঁর ইনজুরিতে পড়েন তিনি। তাই মাশরাফিকে ছাড়াই দেশের মাটিতেই বিশ্বকাপ খেলতে হয় বাংলাদেশকে।

তবে অধিনায়ক হিসেবে ২০১৫ বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ৫ ম্যাচে অংশ নিয়ে ৭ উইকেট নিয়েছেন দলের নেতা। ২০১৫ বিশ্বকাপের পর আজ অবধি ৭২ ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন মাশরাফি। দ্বিতীয়বার অধিনায়ক হবার পর নেতা হিসেবেও বাংলাদেশকে এনে দিয়েছেন বড় বড় সাফল্য। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সেরা অধিনায়ক বনে যান মাশরাফি। ৮৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৪৭টি জয় পেয়েছেন তিনি। হার ৩৫টি।

শুক্রবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের মহানায়কের ম্যাচকে স্মরনীয় করে রাখার আভাস দিলেন টাইগার কোচ স্টিভ রোডসও, ‘মাশরাফির শেষ বিশ্বকাপ ম্যাচের বাস্তবতা বুঝেই ক্রিকেটে মূল মনোযোগ দলের। আশা করি, ছেলেরা তার শেষ বিশ্বকাপ ম্যাচে যথোপযুক্ত সম্মান দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো ফল করা।’

ঘাটাইলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল সরকারী জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. নূর নাহার বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.নাজমুল হক, সরকারী জি. বি. জি. বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.মতিউর রহমান মিঞা, সাগরদিঘী ইউপি চেয়ারম্যান মো. হেকমত সিকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ছেলে ঘাটাইল ইউনিয়নের বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুলমালির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় অপরদিকে একই মাঠে মেয়েদল বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম সাগরদিঘি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ গ্রহণ করে।

আগামী ১৩ জুলাই ২০১৯ ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় টাঙ্গাইল- (৩) ঘাটাইল আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন ।