রবিবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

প্রেসক্লাব আন্ত:উপজেলা ক্রিকেটে জয়ী টাঙ্গাইল ও ঘাটাইল

টাঙ্গাইল প্রেসক্লাব আন্ত:উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের আজকের দিনে দুইটি ম্যাচের প্রথম খেলায় ঘাটাইল প্রেসক্লাব ৬ উইকেটে নাগরপুর প্রেসক্লাবকে পরাজিত করেছে। অপর ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব ৯ উইকেটে কালিহাতী প্রেসক্লাবকে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল। টাঙ্গাইল স্টেডিয়ামে আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্টের এই দুই ম্যাচ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল বনাম কালিহাতী প্রেসক্লাব:

টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্টের ‘খ’ গ্রুপের ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব মুখোমুখি হয় কালিহাতী প্রেসক্লাবের।

টস জয়ী কালিহাতী প্রেসক্লাব প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রথমে কালিহাতী প্রেসক্লাব ১৮.৩ ওভারে সুমন কুমার রায় ও আবু সাঈদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৪ রানে অলআউট হয়।

দলের পক্ষে আনিসুর রহমান শেলি সর্বোচ্চ ১৭, মেহেদী হাসান মৃদুল ১৩ ও অলক কুমার দাস অপরাজিত ১০ রান করে।

বোলিংয়ে বিজয়ী দলের সুমন কুমার রায় ও আবু সাঈদ ৩টি করে উইকেট দখল করে।

দ্বিতীয় ইনিংসের শুরুতে টাঙ্গাইল প্রেসক্লাব তাদের উদ্বোধনী ব্যাটসম্যান মালেক আদনানকে হারিয়ে চাপে পড়ে। পরে ইফতেখারুল অনুপম ও শামীম আল মামুনের চমৎকার ব্যাটিং নৈপুন্যে ১৪.২ ওভারে ১টি উইকেট হারিয়ে ৮৮ রান করে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়।

দলের পক্ষে শামীম আল মামুন ৪২, ইফতেখারুল অনুপম ২৪ রান করে।

বিজিত কালিহাতী প্রেসক্লাবের অধিনায়ক কাজল আর্য ১টি উইকেট দখল করে।

ঘাটাইল বনাম নাগরপুর প্রেসক্লাব:

দিনের প্রথম খেলায় ঘাটাইল প্রেসক্লাব ৬ উইকেটে নাগরপুর প্রেসক্লাবকে পরাজিত করেছে।

নাগরপুর প্রেসক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান করে।

দলের পক্ষে তোফায়েল আহমেদ রনি সর্বোচ্চ ১৩ রান করে।

বোলিংয়ে ঘাটাইল প্রেসক্লাবের মিলন ও আতিকুর ২টি করে উইকেট দখল করে।

জবাবে ঘাটাইল প্রেসক্লাব ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করে।

দলের পক্ষে মিলন সর্বোচ্চ ৫৪ রান করে।

বিজিত দলের এবি সিদ্দিক ২টি ও তোফায়েল আহমেদ রনি ১টি উইকেট দখল করে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব ও বাসাইল প্রেসক্লাব। দুপুরে সখীপুর প্রেসক্লাব ও গোপালপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।

শনিবার, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

মেলা কষ্টে আছি বাবা

বয়সের ভারে নুইয়ে পড়েছেন ময়ুরী বেগম। বয়সের ভারে এখন ঠিকমতো শুনতে পান না। অন্ধ হয়ে গেছে বাম চোখ, কথা বলার মতো শক্তিও তার নেই। হত্যভাগ্য এই বৃদ্ধার বাস টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের মনতলা গ্রামে।

১৬ বছর আগে স্বামী আজমত আলীকে হারিয়েছেন ময়ূরী বেগম। এরপর মায়ের আরও কোন খোঁজ-খবর নেয় না দুই ছেলে হামিদ ও হযরত আলী। ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন হামিদ আর অন্যের জমিতে কৃষি কাজ করেন হযরত আলী। হযরতের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করেন। 

তবে সন্তানরা না দেখলেও শতবর্ষী ময়ূরী বেগমকে ফেলে দিতে পারেননি কৃষিকাজ করে খাওয়া নাতি রমজান ও মজিবুর। তাদের দয়ায় কোনো রকমে বেঁচে আছেন তিনি। 

অন্যদিকে এই বয়সে এসেও ময়ূরী বেগমের কপালে জোটেনি বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সরকারি কোন অনুদান। বয়স্ক ভাতার জন্য বার বার চেয়ারম্যান মেম্বারে কাছে গেলেও ফিরতে হয়েছে শূন্য হাতে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের বারান্দার এক কোণে ধূলো মাটির ওপর শুয়ে আছেন ময়ূরী বেগম। শরীরের চামড়া লেগে গেছে হাড়ের সঙ্গে। চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। 

পরিচয় পেয়ে ময়ূরী বেগম বলেন, আমারে একখান টেহার কাট কইরা দিবা (বয়স্ক ভাতার কার্ড) বাবা? মেলা কষ্টে বাঁইচা আছি। মেলা গেছি চেরম্যান  (চেয়ারম্যান) মেম্বরের (মেম্বার) কাছে। তারা কয় আমরা নাহি (নাকি) দনী (ধনী) মানুষ। আমাগো একটা টিবল (টিউবওয়েল) নাই পায়খানাও নাই। একটা কিছু কইরা দেও বাবা।

এ বিষয়ে লক্ষ্মীন্দর ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেন বলেন, সে আমার কাছে আসে নাই। আসলে তার জন্য একটা ব্যবস্থা করবো আমি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বয়স্ক ভাতার জন্য চেয়ারম্যান ও মেম্বাররা তালিকা করে আমাদের কাছে জমা। সেই অনুসারে আমরা কাজ করি। আমি যেহেতু জানতে পারলাম, অবশ্যই ময়ূরী বেগমকে বয়স্ক ভাতা দেয়ার ব্যবস্থা করবো। 

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

সিরিয়া ছাড়তে চায় আইএস’র বাংলাদেশি কিশোরী বধূ

সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট এর কথিত খেলাফতে যোগ দেয়া ব্রিটিশ-বাংলাদেশি স্কুলছাত্রী শামিমা বেগম যুক্তরাজ্যে ফেরার অনুমতি চেয়ে আবেদন করেছেন। ২০১৫ সালে মাত্র ১৪ বছর বয়সে আইএসের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছিলো সে। পরে এক সিরিয়ায় আইএসের এক জিহাদিকে বিয়ে করে শামিমা। বর্তমানে সে ৯ মাসের গর্ভবতী। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে এমন সংবাদ পাওয়া যায়।

২০১৫ সালে লন্ডনের যে তিন স্কুল-পড়ুয়া মেয়ে ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যোগ দেবার জন্য ব্রিটেন ত্যাগ করেছিল, তাদের একজন শামিমা বেগম এখন বলছেন, তিনি যুক্তরাজ্যে ফিরে আসতে চান কিন্তু তার অতীত কর্মের জন্য তার কোন অনুতাপ নেই।

দৈনিক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়েসী শামিমা বেগম বলেন, তিনি সিরিয়ায় থাকার সময় ডাস্টবিনে মানুষের কাটা মাথা পড়ে থাকতে দেখেছেন - কিন্তু এসব তাকে বিচলিত করে নি।

সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে দেয়া সাক্ষাৎকারে শামিমা বেগম বলেন, তিনি নয় মাসের গর্ভবতী, এবং এর আগে তার দুটি সন্তান হয়েছিল - কিন্তু দু'জনই মারা গেছে।

তিনি বলেন, তার পেটের সন্তানটির জন্যই তিনি দেশে ফিরতে চান।

শামিমা বেগম আরো বর্ণনা করেন, তার যে দুই বান্ধবী তার সাথে সিরিয়া গিয়েছিলেন তাদের একজন বোমা বিস্ফোরণে মারা গেছেন। তৃতীয় জনের ভাগ্যে কি ঘটেছে তা অস্পষ্ট।

'এটা ছিল স্বাভাবিক জীবনের মতোই'

সিরিয়ায় যাবার জন্য লন্ডন ত্যাগের সময় বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামিমা বেগম ও আমিরা আবাসির বয়েস ছিল ১৫, আর খাদিজা সুলতানরা বয়েস ছিল ১৬। লন্ডনের কাছে গ্যাটউইক বিমান বন্দর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তারা তিন জন তুরস্কের উদ্দেশ্যে উড়াল দেন।

তারা তাদের বাবা-মাকে বলেছিলেন, তারা একসাথে কোথাও বেড়াতে যাচ্ছেন। তুরস্কে নামার পর তারা সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢোকেন।

তখন সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে রয়েছে আইএস।

ইসলামিকে স্টেটের স্বঘোষিত 'খেলাফতের' রাজধানী রাক্কায় এসে তারা প্রথম একটি বাড়িতে ওঠেন। সেখানে তাদের সাথে ছিল আরো কয়েকজন মেয়ে - যারা আইএস যোদ্ধদের বধূ হবার জন্য দেশ ছেড়ে এসেছিল।

শামিমা বলেন, "আমি একটা আবেদনপত্র দেই যে আমি ইংরেজিভাষী একজন যোদ্ধাকে বিয়ে করতে চাই - যার বয়েস ২০ থেকে ২৫ বছর বয়েসের মধ্যে।"

দশ দিন পর তার সাথে ২৭ বছর বয়স্ক একজন ডাচ লোকের বিয়ে হয় - যে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছিল।

তার পর থেকে শামিমা ওই ব্যক্তির সাথেই ছিলেন, এবং দু'সপ্তাহ আগে তারা পূর্ব সিরিয়ায় আইএস গোষ্ঠীর শেষ ঘাঁটি বাঘুজ থেকে পালিয়ে যান। এ সময় শামিমার স্বামী সিরিয়ান যোদ্ধাদের একটি দলের কাছে আত্মসমর্পণ করে।

শামিমা এখন উত্তর সিরিয়ায় ৩৯ হাজার লোকের বাস এমন একটি শরণার্থী শিবিরে অবস্থান করছেন।

টাইমসের সাংবাদিক এ্যান্টনি লয়েড তাকে প্রশ্ন করেছিলেন, রাক্কার জীবন যেমন হবে বলে তিনি আশা করেছিলেন - তা কি তেমনই ছিল? জবাবে শামিমা বলেন, "হ্যাঁ, ছিল। এটা ছিল একটা স্বাভাবিক জীবনের মতোই। তাদের প্রচারমূলক ভিডিওতে যেমন দেখানো হতো - তেমনই একটা স্বাভাবিক জীবন। মাঝেমধ্যে একটা-দুটো বোমা ফাটতো, কিন্তু তা ছাড়া...।"

তিনি বলেন, জীবনে প্রথমবার যখন তিনি মানুষের কাটা মাথা দেখেছিলেন, তাতে তিনি একটুও বিচলিত হননি।

"সেটা ছিল যুদ্ধক্ষেত্র থেকে ধরে আনা একজন বন্দী যোদ্ধার মাথা,.. একজন ইসলামের শত্রু।"

"আমার মনে হয়, সে যদি সুযোগ পেতো তাহলে সে-ও একজন মুসলিম নারীর ওই একই অবস্থা করতো।"

"আমি এখন আর সেই ছোট্ট ১৫ বছরের স্কুলের মেয়েটি নেই, যে বেথনাল গ্রিন থেকে পালিয়েছিল। এখানে আসার জন্য আমি দু:খিত নই" - বলেন শামিমা।

তবে তিনি বলেন সেখানে তিনি যে দমন-নিপীড়ন দেখেছেন তা তাকে 'স্তম্ভিত' করেছে, এবং ইসলামিক স্টেটের 'খেলাফত' শেষ হয়ে গেছে বলেই তার মনে হয়।

"আমি বড় কিছু আশা করছি না। তারা এখন (আইএস) এখন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে" বলেন শামিমা - "এবং সেখানে এত বেশি দমন-নিপীড়ন আর দুর্নীতি হচ্ছে যে আমি মনে করি তারা বিজয় পাবার উপযুক্ত নয়।"

তিনি বলেন, তার স্বামী এমন একটি কারাগারে আটক আছে যেখানে বন্দীদের ওপর নির্যাতন করা হয়।

শামিমার সঙ্গী খাদিজা সুলতানার পরিবারের একজন আইনজীবী ২০১৬ সালে বলেছিলেন, তিনি একটি রুশ বিমান হামলায় নিহত হয়েছেন বলে মনে করা হয়।

শামিমা বেগম তার সাক্ষাৎকারে বলেন, একটি বাড়ির ওপর বোমা ফেলা হলে তার বান্ধবী নিহত হন। 'ওই বাড়ির নিচে কিছু গোপন কার্যক্রম চলছিল' বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, "আমি কখনো ভাবিনি এমনটা হবে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কারণ আমি সব সময়ই মনে করতাম যে যদি আমরা মারা যাই, তাহলে একসাথেই মরবো।"

'আমি ভয় পাচ্ছি যে আমার বাচ্চাটা হয়তো অসুস্থ হয়ে পড়বে'

শামিমা বেগমের দুটি সন্তান হয়। এর মধ্যে দ্বিতীয়টি মারা যায় প্রথমে, আট মাস বয়সে। আর প্রথমটি মারা যায় এক বছর নয় মাস বয়সে। তাকে এক মাস আগে বাঘুজে কবর দেয়া হয়। টাইমস জানাচ্ছে, অপুষ্টির কারণে প্রথম সন্তানটির অসুস্থতা খারাপ মোড় নিয়েছিল।

মিজ বেগম বলেন, তার দ্বিতীয় সন্তানকে তিনি একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোন অষুধ ছিল না, এবং যথেষ্ট ডাক্তার-নার্সও ছিল না।

তিনি আরো বলছেন, শরণার্থী শিবিরে থাকলে তার পেটের সন্তানটিও আগের বাচ্চাদের মতোই মারা যাবে - এ ভয় তার বাঘুজ ছাড়ার সিদ্ধান্ত প্রভাবিত করেছে।

শামিমা বেগম বলছেন, তার সন্তান যে কোন দিন ভূমিষ্ঠ হতে পারে, এবং এ জন্যই তিনি ব্রিটেনে ফিরতে চান - কারণ তিনি জানেন যে সেখানে তিনি অন্তত চিকিৎসা পাবেন।

"আমি দেশে ফেরার জন্য, এবং সন্তানকে নিয়ে নিরবে জীবন কাটানোর জন্য যে কোন কিছু করতে রাজী আছি" - বলেন তিনি।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, শামিমা বেগমের ব্যাপারে তিনি আইনগত কারণে কোন মন্তব্য করবেন না।

তবে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে অংশগ্রহণ বা সমর্থন দিতে যে ব্রিটিশ নাগরিকরা সিরিয়া গেছেন - তাদের প্রস্তুত থাকতে হবে যে দেশে ফিরে এলে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের সম্মুখীন হতে হবে এবং বিচারও হতে পারে।

ঘাটাইলে আলোচনায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন খান বাবু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে সুমন খান বাবু। উপজেলার বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোষ্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আলোচনায় বিভিন্ন জনের নাম আসলেও আলোচনার কেন্দ্র হিসেবে সবার শীর্ষে রয়েছে ক্লিন ইমেজখ্যাত তৃণমূলের পরীক্ষিত নেতা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও ৯০ দশকের জনপ্রিয় ছাত্রনেতা সুমন খান বাবু।

তিনি ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে দিনরাত গণসংযোগ করেছেন।

সুমন খান বাবু ঘাটাইলের খান পরিবারের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আওয়ামী লীগের দুঃসময়ে বিএনপি জামায়াতের বিভিন্ন প্রকার হামলা ও নিপীড়নের স্বীকার হয়েছেন বারবার। আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এ নেতাকেই আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

সুমন খান বাবু বলেন, জনগনের ভোটে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবো। ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়াই আমার প্রধান লক্ষ্য নির্ধারিত হবে। আমি বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছি। এখন দলের পাশাপাশি সাধারন মানুষের জন্য কিছু একটা করতে চাই।

তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আমার পক্ষে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে। আমি বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।

ঘাটাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যুবলীগ নেতাদের শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল ইসলামের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সুমন খান বাবু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), পৌর কাউন্সিরল ও উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ কবীর আহমেদ প্রমুখ

হোক ভালোবাসাবাসি!

ভালোবাসা’। এর চেয়ে কোমল শব্দ আর কী হতে পারে! একটি মাত্র শব্দ। তাতে এত মধু! এত আবেগ! ভালোবাসা আছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। ভালোবাসা আছে বলেই মানুষ সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে।

আজ বিশ্ব ভালোবাসা দিবস (সেন্ট ভ্যালেন্টাইনস ডে)। ভালোবাসা কোনো দিবস বা সময়-ক্ষণ গুণে আসে না। ভালোবাসার সত্ত্বা সার্বজনীন। ভালোবাসা বহুরূপী। তবুও কালের পরিক্রমায় ১৪ ফেব্রুয়ারি যেন ভালোবাসা প্রকাশের একটি আনুষ্ঠানিক দিবসে রূপ নিয়েছে।


সকল সংকোচ আড়াল করে আপনকে আপন করার দিন আজ। প্রেম-ভালোবাসার নির্মল আনন্দে মেতে উঠবে বিশ্ব। বিশেষত তরুণ-তরুণীরা প্রেমময় আবেগে ভালোবাসার বাহু মেলে ধরবে।


গোটা বিশ্বের মতো বাংলাদেশেও ভালোবাসা দিবসের ছোঁয়া লেগেছে সম্প্রতি। বিশেষ করে শহুরে জীবনে এই দিবসের প্রভাব দিনে দিনে বেড়েই চলছে। তবে গ্রামেও এখন ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন লক্ষ্য করা যায়।

ফুলে ফুলে সাজবে ভালোবাসার মন। মালাবদলও হয় এমন দিনে। অনলাইন, মোবাইল, ক্ষুদেবার্তায় ভালোবাসার রূপ ফুটে উঠবে। গোলাপের পাপড়ি দিয়ে নতুবা লিপস্টিক মাখা চুমোর চিত্র প্রেমচিঠিতে মেখে পাঠাবে প্রিয়তমার কাছে। আর নানা আকর্ষণীয় উপহারসামগ্রী দিয়ে মনজয় করতে প্রেমচিঠি পাঠাবে প্রিয়তমার কাছে।

ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণীই আনন্দে মাতবে এমন নয়। পরিবার-স্বজন আর বিভিন্ন বয়সী মানুষদের মাঝেও এ দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে।



জানা যায়, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেন্টাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমানসম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইওর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেন্টাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।


‘ভ্যালেন্টাইনস ডে’ সার্বজনীন হয়ে ওঠে আরও পরে প্রায় ৪০০ খ্রিস্টাব্দের দিকে। দিনটি বিশেষভাবে গুরুত্ব পাওয়ার পেছনে রয়েছে আরও একটি কারণ। সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুর আগে প্রতি বছর রোমানরা ১৪ ফেব্রুয়ারি পালন করত ‘জুনো’ উৎসব। রোমান পুরানের বিয়ে ও সন্তানের দেবী জুনোর নামানুসারে এর নামকরণ।

এ দিন অবিবাহিত তরুণরা কাগজে নাম লিখে লটারির মাধ্যমে তার নাচের সঙ্গীকে বেছে নিত। ৪০০ খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মাবলম্বীতে পরিণত হয় তখন ‘জুনো’ উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেঁথে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে উদযাপন শুরু হয়। কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

বুধবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

ঘাটাইলে কাজী আব্দুল গফুরের মৃত্যুবরণ

টাঙ্গাইলের ঘাটাইলে কাজী আব্দুল গফুর মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলার শাহ্‌পুর এলাকার এই কৃতি সন্তান দীর্ঘদিন যাবত পৌর শহরের কাজী রোড এলাকায় বসবাস করে আসছিলেন।

কাজী আব্দুল গফুর দীর্ঘসময় টাঙ্গাইল জেলা কাজী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঘাটাইলের শাহ্‌পুর তাহিরীয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি নানা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা হাসপাতালে আব্দুল গফুরের মৃত্যুবরণের পর আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ ঘাটাইলে নিয়ে আসা হয়। পরে ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা শেষে উপজেলার শাহ্‌পুর তাহিরীয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তার ইচ্ছা অনুযায়ী শাহ্‌পুর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

মরহুম আব্দুল গফুরের মেঝ সন্তান কাজী শিবলি জানান, বেশ কিছু দিন যাবত তিনি গুরুতর অসুস্থ ছিলেন। যথাসাধ্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও বাবাকে শেষ রক্ষা করা যায়নি।

ঘাটাইলের এই কৃতি সন্তান আব্দুল গফুর স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘাটাইলে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার সপ্তম বর্ষে পদার্পন অনুষ্ঠান

টাঙ্গাইলের ঘাটাইলে নানা আয়োজনে অনাড়ম্বরভাবে ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে ঘাটাইল প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু, জিবিজি সরকারি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক।

পরে ঘাটাইল প্রেসকাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান আলী সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সহ সভাপতি খান ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি আব্দুর লতিফ, সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ, আতিকুর রহমান, মোঃ মাসুম মিয়া, এবিএম আতিকুর রহমান, রেজাউল করিম খান রাজু ,ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন খান, সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক এসএম শোয়েব রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি মোঃ আবু হানিফ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

কবি রফিক আজাদের জন্মবার্ষিকী আজ

কবি রফিক আজাদের ৭৭তম জন্মবার্ষিকী আজ। একাধারে মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, সম্পাদক ও লেখক রফিক আজাদ ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সকালে কবির সমাধিতে স্মৃতি পর্ষদ ও পরিবারের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। 

বিকেল চারটায় কবি রফিক আজাদের বাসভবনে (বাড়ি নং ১৩৯/৪এ, সড়ক নং ১, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫)-এ কবির সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ ‘মুখোমুখি রফিক আজাদ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আজ বাংলা একাডেমির গ্রন্থমেলা মঞ্চে বিকেল চারটায় ‘কবি রফিক আজাদ : শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা সভা এবং কবির কবিতা থেতে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবি রফিক আজাদ ছাত্র জীবনেই সাহিত্য তিনি চর্চা শুরু করেন। ষাট দশকের কবি শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। টাঙ্গাইল মওলানা মুহম্মদ আলী কলেজে শিক্ষকতা করেন। দেশ স্বাধীনের পর বাংলা একাডেমিতে চাকুরী শুরু করেন। প্রায় দেড় দশক বাংলা একাডেমিতে থাকাকালে তিনি একাডেমি’র পরিচালকের দায়িত্ব পালন করেন। 

তিনি একাডেমির সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’ সম্পাদনা করতেন। একাডেমির চাকুরিতে ছেড়ে ইত্তেফাক গ্রুপের ‘সাপ্তাহিক রোববার’ পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন। কবি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর অধীনে অংশ নেন।

কবি রফিক আজাদ মূলত সৃজনশীল ও চিরায়ত কবিতার প্রণেতা। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো, অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুণিয়া আমার আর্কেডিয়া, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, প্রেমের কবিতাসমগ্র, বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে, বিরিসিরি পর্ব ও রফিক আজাদের কবিতা সমগ্র।

সাহিত্যে অবদানের জন্য কবি রফিক আজাদ একুশে সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদর স্মৃতি পুরস্কার, হাসান হাফিজুর রহমান পুরস্কার, কবি আহসান হাবী পুরস্কার, মুক্তিযোদ্ধা সন্মাননায় ভূষিত হন। ২০১৬ সালের ১২ মার্চ কবি ঢাকায় ইন্তেকাল করেন।

মঙ্গলবার, ফেব্রুয়ারি ১২, ২০১৯

ঘাটাইলে লক্ষীপেঁচা উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গর্জনা গ্রাম থেকে সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে আহত অবস্থায় একটি লক্ষীপেঁচা উদ্ধার করেছেন জাহাঙ্গীর নামের এক যুবক।

পরে তিনি পেঁচাটি উপজেলা সদরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে নিয়ে আসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ কামাল হোসেন পেচাঁটি দেখে তার চিকিৎসার জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে যান।

কামাল হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা আমার তত্বাবধানে আরো দুই  তিন দিন রাখতে বলেছেন। পেঁচাটি একটু সুস্থ্য হলে তাকে ছেড়ে দেওয়া হবে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আ. মান্নান বলেন, পেঁচাটা অত্যন্ত দুর্বল ও তার শরীরের কিছু অংশে ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছেএ তবে সুস্থ্য হতে আরো দুই  তিন দিন সময় লাগবে।